২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-উইন্ডিজ দ্বিতীয় টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। উইন্ডিজ লোয়ার-অর্ডার ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোর ধৈর্যশিল সেঞ্চুরি এবং দানেশ রামাদিনের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে উইন্ডিজ শেষ পর্যন্ত সংগ্রহ করেছে ৩৩৪ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৮ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দলীয় ১৪০ রানেই উইন্ডিজ দলের ছয় উইকেটের পতন ঘটে। ইনিংস ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের লজ্জাজনক অবস্থা থেকে দলকে টেনে তোলেন ব্রাভো এবং রামাদিন। সপ্তম উইকেট জুটিতে তারা ১৮২ রান যোগ করেন।

ব্রাভোর খেলা দেখে সকলের মনে পড়ে যায় ক্যারিবিয়ানদের অতীত স্বর্ণ যুগের কথা। উইন্ডিজ টপ-অর্ডার ব্যাটসম্যানরা যেখানে অসিদের বিরুদ্ধে উভয় ইনিংসেই ব্যর্থ হয়েছে সেখানে ব্রাভো সাহসিকতার সাথে মোকাবেলা করতে থাকেন অসি বোলারদের।

রামাদিনও দেখিয়ে দিলেন দলের প্রয়োজনে তার ব্যাট থেকেও রান আসে। অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজের পক্ষে সপ্তম উইকেট জুটিতে ১৮২ রানই সর্বোচ্চ।

ব্রাভো এবং রামাদিন জুটি না গড়লে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই জয় পেয়ে যেত। অসিদের পক্ষে প্রথম দুই সেশনে শুধু সফলতা পান লেগ-স্পিনার শেন ওয়ার্ন। তিনি ব্রায়ান লারা এবং স্যামুয়েলসকে ফিরিয়ে দেন।

গ্লেন ম্যাকগ্রা ম্যাচের চতুর্থ দিনে ২৫ ওভার বোলিং করে মাত্র ২৯ রান দিয়েও উইকেটের দেখা পাননি।

সপ্তম উইকেট জুটি শেষ পর্যন্ত ভাঙ্গেন ম্যাকগিল। ম্যাকগিলের লেগব্রেক বলে ওয়ার্নের হাতে ধরা দেন রামদিন। আউট হওয়ার আগে রামদিন ৭১ রান করেন।

ব্রাভো ২০২ বল মোকাবেলা করে ১১৩ রান করে শেন ওয়ার্নের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।