দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড ছোঁয়া হলোনা দক্ষিণ আফ্রিকার। ২১তম ম্যাচে ভারতের বিরুদ্ধে ছয় উইকেটে হেরে রেকর্ড স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল প্রোটিয়াসদের।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১৬৯ রানের জবাবে ভারত চার উইকেটে ১৭১ রান করে জয় তুলে নেয় স্বাগতিকরা। শ্রলীংকার বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজ ৬-১ এ জেতার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গেলে ভারতের জয়যাত্রা সাময়িক বাধাগ্রস্ত হয়। কিন্তু এই জয়ে ঘুরে দাঁড়ালো রাহুল দ্রাবিড়ের দল। সিরিজে এখন ১-১ এ সমতা।
ভারতের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বীরেন্দ্র শেওয়াগ। সাথে অবশ্য গৌতম গম্ভীর আর বোলার পাঠানের যোগ্য সহায়তা পেয়েছেন শেওয়াগ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত অবশ্য ১৩ রানের মধ্যে টেন্ডুলকারকে হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু অন্যরা সেই চাপটা আর বাড়তে দেননি হিসেবী খেলা খেলে। দলীয় ৫২ রানে গম্ভীর ৩৮ রান করে জাস্টিন অনটং এবং বাউচারের মিলিত প্রচেষ্টায় রান আউট হন।
দলের ১০৫ রানের সময় পাঠানও ৩৭ রান করে সেই অনটংয়ের থ্রোতে রানআউটের শিকার হন। দলকে ১৫৫ রেখে অধিনায়ক দ্রাবিড়ও (১০ রান) আউট হয়ে যান। কিন্তু শেওয়াগ ৬২ বলে ১১টি চারের সহায়তায় ৭৭ রান করে অপরাজিত থেকে যান।
এর আগে টসে জিতে ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান। কিন্তু স্বাগতিক বোলারদের বিশেষ করে ইরফান পাঠান, হরভজন সিং আর শেওয়াগের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৬৯ রানে শেষ হয় তাদের ইনিংস।
পাঠান ছয় ওভার বল করে ২৩ রানে তিনটি এবং হরভজন ও শেওয়াগ দু’টি করে উইকেট লাভ করেন।
দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অ্যান্ড্রু হল। হল ৪৩ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে হরভজনের শিকারে পরিনত হন। দলের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান-ডি ভিলিয়ার্স, অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং জ্যাক ক্যালিস মাত্র ২০ রানের মধ্যে ফিরে গেলে চাপের মধ্যে পড়ে যায় প্রোটিয়াসরা।
এ অবস্থায় দলকে চরম দুর্যোগ থেকে রক্ষা করেন মিডল আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা।
তবে কেউই বড় ধরনের পার্টনারশীপ গড়ে তুলতে সমর্থ হননি।
অ্যান্ড্রু হল ছাড়া অ্যাশওয়েল প্রিন্স ৩০, জাস্টিন কেম্প ২৮, শন পোলক ২৯ রান করেন।
ব্যাটে বলে নৈপুন্য দেখানো ভারতীয় পেসার ইরফান পাঠান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা তুলে নেন।
