আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে হেরেছে বাংলাদেশ
ভারতে শনিবার আফ্রো এশিয়া অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে চার উইকেটে হেরে গেছে বাংলাদেশ। অন্ধ্রের বিশাখাপত্নমে চলছে এ টুর্নামেন্ট।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। ভারতের পিযুষ চাওলা, শুক্লা ও গৌরব ধীমান সাতটি উইকেট ভাগাভাগি করে নেন।
বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সোহরাওয়ার্দী শুভ ৩৮ বলে আটটি চারের সহায়তায় সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ৭৫ বলে চারটি বাউন্ডারির মাধ্যমে করেন ৪০ রান। সাকিব আল হাসান ও মেহেদী হাসান যথাক্রমে ২৪ ও ২২ রান করেন।
পঞ্চম উইকেট জুটিতে সাকিব আল হাসান ও রহিম ৪৪ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। সাকিব আউট হয়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে মেহেদীকে সাথে নিয়ে রহিম আরও ৫৩ রান যোগ করেন।
জবাবে স্বাগতিক ভারত ৩৯ দশমিক এক ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শুক্লা ৮৬ বলে পাঁচটি বাউন্ডারি এবং দু’টি ওভার বাউন্ডারির মাধ্যমে সর্বোচ্চ ৫৬ এবং ওপেনার শ্রীবাস্তব ৪৭ বলে ৪৩ রান করেন।
সাকিব আল হাসান ও নাবিল সামাদ যথাক্রমে ২৬ ও ৩৮ রানের বিনিময়ে দু’টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ সোমবার শ্রীলংকার বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে।
