জাতীয় লিগে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের উড়ন্ত সূচনা
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে শনিবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা আট উইকেটে বরিশাল বিভাগকে হারিয়েছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ একই ব্যবধানে জয় পেয়েছে সিলেট বিভাগের বিরুদ্ধে। অন্যদিকে চট্টগ্রাম তাদের নিজেদের মাঠে সাত উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে।
রাজশাহী বনাম বরিশাল
প্রথমে ব্যাট করে বরিশাল বিভাগ ৪৬ দশমিক দুই ওভারে ১০৮ রানের স্বল্প সংগ্রহে গুটিয়ে যায়। রাজশাহীর মুশফিকুর রহমান, রেজাউল ইসলাম, শাফাক আল জাবির এবং শাহাজাদা দু’টি করে উইকেট নিয়ে বরিশালের দুর্বল ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন।
সাত রানে প্রথম উইকেট হারিয়ে রাজশাহীর বোলিং তোপের মুখে পড়ে বরিশাল। এক পর্যায়ে ৩৫ রানে তারা পাঁচ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে শাহীন হোসেন এবং তৌহিদ হোসেন ৩৩ রান যোগ করে দলের রানকে কিছুটা ভদ্রোচিত চেহারায় দাঁড় করান। শেষ পর্যন্ত তারা রাজশাহীকে জয়ের জন্য যে টার্গেট ছুঁড়ে দেয়, তা টপকানো স্বাগতিকদের জন্য খুব একটা কঠিন ছিল না।
কিন্তু জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরাও ২০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মধ্যে পড়ে। তবে ঝড়টা ছিল সাময়িক সময়ের জন্য। দুই অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলাম এবং আনিসুর রহমান কোন রকম বাধা বিপত্তি ছাড়াই ২৩ দশমিক দুই ওভারে ১১২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নাঈম ৭২ বলে ৫৪ এবং আনিসুর ৫৫ বলে ৩১ রান করেন।
ঢাকা বনাম সিলেট
তারকা সমৃদ্ধ দল ঢাকার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জয় দিয়ে তার অধিনায়কত্বের ইনিংস শুরু করলেন। ৪৮ রান করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন অধিনায়ক নিজে। তবে দলের সর্বোচ্চ রানের ইনিংস বেরিয়ে আসে উদ্বোধনী ব্যাটসম্যান রাশেদুল হকের ব্যাট থেকে। ৭৬ রান করে অপরাজিত থাকা রাশেদুলের ইনিংসে ১৩টি চার এবং একটি ছয়ের মার ছিল। অন্যদিকে আশরাফুল বাউন্ডারি হাঁকান দশটি।
এর আগে ২১ রানে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ সিলেটের ব্যাটিং গুড়িয়ে দিয়ে দলের জয়ের ভিত্তি গড়ে দেন জাতীয় দলের বাদ পড়া পেসার মোহাম্মদ শরীফ। গতবারের রানার্স আপ সিলেট প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অল আউট হয়ে যায়।
সিলেট অধিনায়ক রাজিন সালেহ সর্বোচ্চ ৩১, ইমতিয়াজ হোসেন ২৭ এবং রেজাউল হক ২৩ রান করেন।
চট্টগ্রাম বনাম খুলনা
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে অধিনায়ক হাবিবুল বাশারকে ছাড়াই মাঠে নামে খুলনা। কিন্তু তারপরও তুষার ইমরানের ৬৮ বলে অনবদ্য ৫৭ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২১১ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় অতিথিরা। বাশারের পরিবর্তে এদিন দলকে নেতৃত্ব দেন মাঞ্জারুল ইসলাম রানা।
খুলনার সূচনাটাও ছিল ভালো। উদ্বোধনী জুটিতে রান ওঠে ৪৩। কিন্তু এক পর্যায়ে ৯৬ রানে চার উইকেট হারিয়ে বসে তারা। পঞ্চম উইকেট জুটিতে তুষার ইমরান এবং হাসানুজ্জামান (২৭ রান) ৭৬ রান যোগ করে ইনিংস মেরামত করে দেন। কিন্তু এরপরের ব্যাটসম্যানরা রানের এই গতিকে সচল রাখতে পারেননি।
স্বাগতিক দলের এহসানুল হক, ওয়াসেলউদ্দিন এবং ইয়সিন আরাফাত দু’টি করে উইকেট তুলে নেন।
জবাবে চট্টগ্রাম ৪৮ দশমিক চার ওভারে তিন উইকেটে ২১৫ রান করে জয় তুলে নেয়। মূলত দুই অপরাজিত ব্যাটসম্যান এহসানুল হক ও ফয়সাল হোসেন ডিকেন্সের জোড়া অর্ধ শতকই দলের জয় ত্বরান্বিত করে।
৮১ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর এহসানুল ও ফয়সাল চতুর্থ উইকেট জুটিতে ১৩৪ রানের পার্টনারশীপ গড়ে দলকে জয় পাইয়ে দেন। ফয়সাল ৯২ বলে সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৫ এবং এহসানুল ৭৮ বলে পাঁচটি চারের সহায়তায় ৬৬ রান করেন।
