৭ম জাতীয় ক্রিকেট লীগ শনিবার শুরু
৭ম ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লীগ শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ধানমন্ডি মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবি।
শনিবার ধানমন্ডি মাঠে সিলেট এবং ঢাকা বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। এছাড়া রাজশাহীতে রাজশাহী এবং বরিশাল বিভাগের মধ্যেকার খেলা এবং চট্টগ্রামে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হবে।
জাতীয় লীগে আশরাফুল ঢাকার, শাহরিয়ার নাফিস বরিশালের, রাজিন সালেহ সিলেটের, আকরাম খান চট্টগ্রামের, হাবিবুল বাশার খুলনার এবং খালেদ মাসুদ পাইলট রাজশাহীর অধিনায়কত্ব করবেন।
