হোবার্ট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়, প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া
অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লী এবং লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের চমৎকার বোলিংয়ে হোবার্ট টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয় ঘটেছে।
অসিদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৪৯ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। দিন শেষে অস্ট্রেলিয়া কোন উইকেট না হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে। ফলে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রন চলে গেছে স্বাগতিকদের হাতে।
দুই ওপেনার ম্যাথু হেইডেন ও মাইক হাসি যথাক্রমে ৩১ ও ২৬ রানে ব্যাট করছেন।
ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আউট করে দেওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন বর্ষীয়ান ম্যাকগ্রা। ৩১ রান খরচ করে তিনি চার উইকেট তুলে নেন। লী ৩২ রানে ও ম্যাকগিল ১৮ রানে তিন উইকেট নেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শেন ওয়ার্ন ১১ ওভার বল করে ৪৮ রান দিলেও কোনও উইকেটের দেখা পাননি।
টস জিতে ইন্ডিজ দলপতি শিব নারায়ণ চন্দরপল ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার সিদ্ধান্তের সঠিক মূল্য দিতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। চা বিরতির আগে ১২৫ রান তুলতেই সফরকারীরা হারিয়ে বসে পাঁচ উইকেট। দলের সাতজন ব্যাটসম্যান দুই অংকের রানের ঘরে পৌঁছতেই পারেননি।
ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন ব্রেট লী। তার একটি সুইং বলে ওপেনার ডেভন স্মিথের লেগ স্ট্যাম্প উড়ে যায়।
অপর ওপেনার ক্রিস গেইল হৃদ স্পন্দন বেড়ে যাওয়ায় ব্যক্তিগত ১৮ রানের মাথায় মাঠ অবসর নিতে বাধ্য হন।
রাম নরেশ সারওয়ান অভিজ্ঞ ফাস্ট বোলার ম্যাকগ্রার আউট সুইং বলে উইকেট কিপার গিলক্রিস্টের হাতে ক্যাচ তুলে দেন।
লাঞ্চের পরে ব্রেট লী’র বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। লারার সংগ্রহ ১৩ রান।
এরপর গেইল আবার মাঠে ফিরে আসেন। এন্ড্রু সাইমন্ডস দ্রুত গেইলকে ফিরিয়ে দিতে পারতেন। তার একটি বল গেইলের ব্যাটের কানায় লেগে ধরা দেয় উইকেট কিপার গিলক্রিস্টের হাতে। কিন্তু আম্পায়ার আলিম দার নো-বলের সংকেত দেখানোর কারণে তা আর সম্ভব হয়নি।
ইন্ডিজ অধিনায়ক চন্দরপল এবং গেইল ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১১৯ রানের মাথায় লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের বলে চন্দরপল আউট হয়ে গেলে এ জুটি ভেঙ্গে যায়। চন্দরপল ব্যাক্তিগত ৩৯ রানের মাথায় আউট হন।
ক্রিস গেইল ব্যাক্তিগত ৫৬ রানের মাথায় ম্যাকগ্রার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। গেইল ১১৬ বল মোকবেলা করে ৫৬ রান করেন, যাতে বাউন্ডারি ছিল সাতটি এবং ছক্কা দু’টি।
ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ সাতটি উইকেট হারায় মাত্র ত্রিশ রানে।
সফরকারীদের অল্প রানে গুটিয়ে দিয়ে স্বাগতিক দলের দুই ওপেনার ম্যাথু হেইডেন এবং মাইক হাসি ১৮ ওভারে হেসে খেলে ৬০ রান তুলে দিন পার করে দেন।
