২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে টিকিট পেল অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, সুইজারল্যান্ড, স্পেন ও চেক রিপাবলিক

শেষ পাঁচ দেশ হিসেবে অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, সুইজারল্যান্ড, স্পেন এবং চেক রিপাবলিক জার্মানিতে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 11:57 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সিডনিতে অস্ট্রেলিয়া ট্রাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে শক্তিশালী উরুগুয়েকে পরাজিত করে ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো।

বাহরাইনের মানামাতে ত্রিনিদাদ ও টোবাগো ১-০ গোলে স্বাগতিক দেশকে পরাজিত করে। তারা প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো।

ইস্তানবুলে তুরস্কের কাছে ৪-২ গোল ব্যবধানে পরাজিত হবার পরও সুইজারল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম লেগে বার্নে ২-০ গোল ব্যবধানে তুরস্ককে হারানোর পুরস্কার হিসেবেই তারা দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেল।

এদিকে ইউরোপীয় অঞ্চলের খেলায় স্পেন এবং স্লোভাকিয়া ১-১ গোলে ড্র করেছে। বুধবারের ম্যাচে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৬-২ গোল ব্যবধানে স্পেন স্লোভাকিয়াকে পরাজিত করল। সেই সাথে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে স্পেন।

চেক রিপাবলিক স্বাধীনতা লাভের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রাগে বুধবারের অনুষ্ঠিত ম্যাচে চেক রিপাবলিকান ১-০ গোলে পরাজিত নরওয়েকে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বে ৩২তম দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করলো। অসলোতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচেও একই ব্যবধানে চেকরা নরওয়েকে পরাজিত করেছিল।

জার্মানির মিউনিখে ২০০৬ সালের ৯ জুন বিশ্বকাপ ফুটবল’০৬ এর উদ্বোধন হবে। খেলা চলবে দীর্ঘ এক মাস। ৯ জুলাই বার্লিনে হবে ফাইনাল খেলা। আসছে ডিসেম্বরের ৯ তারিখে লেইপজিগে ড্র অনুষ্ঠিত হবে।