২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের ঢাকার বাইরের চার ভেন্যু বাতিল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার নিটল-টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের ঢাকার বাইরের চারটি ভেন্যুই বাতিল করে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দশটি দলকে নিয়ে দ্বিতীয় পর্ব এবং ছয়টি দল নিয়ে সুপার সিক্সের খেলাগুলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন।

জাতীয় লিগের দ্বিতীয় পর্বের খেলা ২০ নভেম্বর থেকে খুলনা, রংপুর, চাঁদপুর এবং কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে বাফুফে উপ সম্পাদক এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেন, দ্বিতয় রাউন্ডের ২০টি সম্প্রচারের শর্ত পূরণ করতেই আমরা এই রাউন্ডের খেলাগুলো ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।

রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দু’টি ওবি ভ্যানের মধ্যে একটি অকেজো এবং অন্যটি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তথ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিটিভির মহাপরিচালক ঢাকার বাইরের ভেন্যুগুলো থেকে ম্যাচ সম্প্রচারে অপরাগতা প্রকাশ করেন। ঢাকা থেকে সব ম্যাচই সম্প্রচার করতে পারবে বিটিভি।

এ বিষয়ে মালুর সাথে পৃষ্ঠপোষক নিটল-টাটা গ্রুপ এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাতলুব আহমাদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।

এদিকে এ মাসেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি অনুর্ধ্ব ২০ এবং এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট। তাছাড়া বিরোধী দলের মহাসমাবেশও রয়েছে এ মাসে। ফলে জাতীয় লিগের দ্বিতীয় পর্ব শুরু করার তারিখ নির্ধারন করা যাচ্ছে না বলে জানিয়েছেন মালু। তবে ঈদুল আযহার আগেই লিগ শেষ করার সংকল্প ব্যক্ত করেছেন মালু।