জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার ভারত সফর শুরু
শ্রীলংকার বিরুদ্ধে ভারত নিজেদের মাটিতে জয় দিয়ে শুরু করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ধারা ধরে রাখতে পারেনি। হায়দ্রাবাদে প্রথম ওয়ান ডে তে ভারতকে পাঁচ উইকেটে হারায় গ্রায়েম স্মিথের দল।
ভারতের ২৪৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে ২৫২ রান করে জয়লাভ করে।
টসে জিতে প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ ভারতকে ব্যাটিংয়ে পাঠান। আর বল হাতে সফরকারী দলের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেন ভালোভাবেই। মাত্র ৩৫ রানে ফিরে যান ভারতের পাঁচ ফ্রন্টলাইন ব্যাটসম্যান। এরমধ্যে আবার পাঁচ রানে সাজঘরে ফেরেন শেওয়াগ, কাইফ আর টেন্ডুলকার। পরবর্তী ৩০ রানে অধিনায়ক দ্রাবিড় আর গৌতম গম্ভীরকে সাজঘরে ফেরত পাঠান দক্ষিণ আফ্রিকার বোলাররা।
মূলত শন পোলক এবং মাখায়া এনটিনি ভারত বধের এই কাজে সামনে থেকে নেতৃত্ব দেন। দু’জন দু’টি করে উইকেট ভাগাভাগি করে নেন। সাঝে দ্রাবিড়ের উইকেটটি তুলে নেন আন্দ্রে নেল।
এরপরই শুরু হয় ভারতের আসল লড়াই। আর এই লড়াইয়ের মুল নায়ক যুবরাজ সিং। দলের এহেন ভঙ্গুর অবস্থা মেরামত করেন শক্ত হাতে। তার লড়াইকে এককথায় নায়কোচিতই বলা যায়। ইরফান পাঠানকে সাথে নিয়ে দলের রানকে ১১০ পর্যন্ত টেনে নিয়ে যান যুবরাজ। বোথার বলে পাঠান আউট হওয়ার আগে ৬৩ বলে ছয়টি চারের সহায়তায় ৪৬ রানের একটি কার্যকর ইনিংস উপহার দিয়ে যান। এরপর ধোনী (১৭ রান) এবং আগারকার (২১ রান) অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলিং তান্ডবের সামনে। তবে ভারতে প্রায় আড়াই শ রানের ঘরে পৌঁছে দেয়ার কৃতিত্বটা যেমন যুবরাজের, তেমনি শেষদিকে হরভজনের ৩৭ রানের বিস্ফোরক ইনিংসটিও কম গুরুত্বপূর্র্ণ নয়। মাত্র ১৭ বলে চারটি চার এবং দু’টি বিশাল ছক্কার মাধ্যমে এই রান করেন ‘ভাজ্জি’।
যুবরাজ সিং ১২২ বলে দশটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করে ক্যালিসের চমৎকার থ্রো’তে রান আউট হয়ে যান।
জবাবে সফরকারীরা পরিকল্পিতভাবে খেলেই কাংখিত জয় তুলে নেয়। ৭৬ রানের মধ্যে তাদের তিন উইকেট পড়ে গেলেও অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স এবং জাস্টিন কেম্পের চারটি ইনিংসই দলকে জয় পাইয়ে দেয়।
দলের পক্ষে ক্যালিস ৯৭ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া গ্রায়েম স্মিথ ৪৮, প্রিন্স ও কেম্প দু’জনই ৪৬ রান করে সংগ্রহ করেন।
ভারত জয় না পেলেও চমৎকার শতকের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার যুবরাজের ঝুলিতেই জমা পড়ে।
