যুবরাজের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২৪৯
ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের লড়াকু সেঞ্চুরির সুবাদে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ২৪৯ রানের সংগ্রহ দাঁড় করায়।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সফরকারী দলের মিডিয়াম পেসাররা অধিনায়কের সিদ্ধান্ত কার্যকর প্রমাণ করে ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডার ব্যাটম্যানদের দ্রুত প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।
এক পর্যায়ে ৩৫ রানে ভারত হারিয়ে বসে পাঁচ উইকেট। এ লজ্জাজনক অবস্থা থেকে যুবরাজ, পাঠান ও হরভজণ সিং দলকে টেনে তোলেন এবং শেষ পর্যন্ত নয় উইকেটে ২৪৯ রান তুলতে সমর্থ হয়।
ভারতীয় ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন মাখায়া এনটিনি। ম্যাচের দ্বিতীয় ওভারে এনটিনির বলে বীরেন্দ্র শেওয়াগ ক্যাচ তুলে দেন প্রিন্সের হাতে।
শন পোলকের বলে লেগ বিফরের ফাঁদে পড়ে প্যাভিলিয়ানে ফেরেন মোহাম্মদ কাইফ।
মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যাক্তিগত দুই রানের মাথায় শন পোলকের বলে ক্যাচ তুলে দেন উইকেটকিপার মার্ক বাউচারের হাতে।
প্রোটিয়াস মিডিয়াম পেসার এন্ড্রু নেল অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বোল্ড করে প্যাভিলিয়ানে ফেরান।
এরপর এনটিনি ফিরিয়ে দেন গৌতম গম্ভীরকে। এরপর মাঠে এসে যুবরাজ সিং এবং ইরফান পাঠান দলীয় রানের চাকা সচল করার চেষ্টা করেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ৭৬ রান যোগ করেন। পাঠানকে ফেরান প্রোটিয়াস ডেব্যুটেন্ট বোলার জোহান বোয়েটা। পাঠান মাত্র চার রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি।
দুর্ভাগ্যজনকভাবে উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে রান আউট হয়ে যান।
অজিত আগারকার ২৭ বল মোকাবেলা করে ২১ রানের একটি ছোট অথচ কার্যকর ইনিংস খেলে নেইলের বলে বিদায় নেন।
একে একে সকলে মাঠ ছাড়লেও মাঠে থাকেন যুবরাজ সিং। এবার ক্রিজে আসেন হরভজন সিং। তিনি তুলোধুনো করতে থাকেন প্রোটিয়াস বোলারদের। ১৭ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
যুবরাজ সিং ১২২ বল মোকাবেলা করে ১০টি বাউন্ডারি এবং তিনটি ছক্কার সাহায্যে ১০৩ রান করে রান আউট হন।
