২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ফেডারেশনে ফিরলেন সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পদত্যাগী সহ সভাপতি কাজী সালাহউদ্দিন এবং জাতীয় ফুটবল দল ম্যানেজমেন্ট কমিটির চার সদস্য তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে আবারও ফুটবল ফেডারেশনে ফিরে এসেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পদত্যাগপত্র প্রত্যাহারের কারণ হিসেবে সালাহউদ্দিন বলেন, ফেডারেশনের সভাপতির অনুরোধে আমি আমার দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবল ফেডারেশনের সভাপতির গৃহীত একটি সিদ্ধান্তের প্রতিবাদে সালাহউদ্দিন গত ২০ অক্টোবর ফেডারেশনের সহ সভাপতি এবং জাতীয় দলের ম্যানেজমন্টে কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

সালাহউদ্দিন ছাড়াও ম্যানেজমেন্ট কমিটির চার সদস্য-ছাইদ হাছান কানন, গোলাম রব্বানী হেলাল, সালাম মুর্শেদী এবং ইমতিয়াজ সুলতান জনিও সেসময় পদত্যাগ করেন।

পরবর্তীতে বাফুফে সভাপতি তার সদ্ধান্ত পরিবর্তন করেন এবং ম্যানেজমন্টে কমিটির সাথে একমত ঘোষণা করেন।

সালাহউদ্দিন এবং ম্যানেজমন্টে কমিটির চার সদস্য ফেডারেশনের সভাপতির হাতে তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের চিঠি তুলে দেন। এসময় ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং যুগ্ম সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এসময় উপস্থিত ছিলেন।

পদত্যাগপত্র প্রত্যাহারের পর সালাহউদ্দিন বলেন, ফুটবল ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভুল বুঝাবুঝি দুর করতে আমি সর্বতোভাবে চেষ্টা করব।

ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান বলেন, ফুটবলের বৃহত্তর স্বার্থে তারা ফিরে এসেছেন এটা আমার জন্য খুবই আনন্দের একটি বিষয় এবং ভবিষ্যতে কোন সমস্যা তৈরী হলে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তা সমাধান করব।