২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতান টেস্টে ইংল্যান্ডের জয় সময়ের ব্যাপার

সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের মুলতান টেস্ট জয় এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩৪১ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেছে ঠিকই কিন্তু ১৯৭ রানের যে টার্গেট ইংল্যান্ডকে ছুঁড়ে দিয়েছে তা পার হতে সফরকারীদের খুব একটা ঝামেলা পোহাতে হবে না এটা চোখবুজেই বলে দেয়া যায়। আর অ্যাশেজ জয়ী ইংল্যান্ডকে হারাতে হলে পাকিস্তানি বোলারদের রীতিমত ম্যাজিক দেখাতে হবে।

চতুর্থ দিন শেষে ইংল্যান্ড এক উইকেট খুইয়ে ২৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য দরকার ১৭৪ রান, হাতে রয়েছে পুরো একটি দিন এবং নয়টি উইকেট। প্রথম ইনিংসে ১৯৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেও এই ইনিংসে ব্যর্থ হয়েছেন ট্রেসকোথিক। দলীয় সাত রানে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ট্রেসকোথিককে ফিরিয়ে দেন সাব্বির আহমেদ।

পাকিস্তানের প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ওপেনার সালমান বাট, উইনিস খান আর অধিনায়ক ইনজামাম দলের ত্রানকর্তার ভূমিকায় অবর্তীন হন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪১৮ রানের জবাবে স্বাগতিকরা দুই উইকেটে ১২৫ রান করে তৃতীয় দিনের খেলা সমাপ্ত করে। ৫৩ রান করা সালমানের সাথে ছিলেন নাইটওয়াচম্যান মোহাম্মদ সামি। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই ছয় রান পরই ফ্লিনটফের বলে জোন্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সামি। ফিরে যাওয়ার সময় তার সংগ্রহ ছিল ৩ রান।

সামি ফিরে যাওয়ার পর ইনজামাম আর সালমানের জুটিটি জমে উঠেছিল। এই জুটি ১৩১ থেকে দলের রানকে ২৬৬ পর্যন্ত টেনে নিয়ে যান। ইনজামাম প্রথম ইনিংসের মত এই ইনিংসেও অর্ধশতকের বেশি এগুতে পারেননি। ১৪৭ বলে ৭২ রান করে হগার্ডে বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ইনজি।

অপরপ্রান্তে সালমান বাট অবিচল থাকলেও অন্যরা যথারীতি ব্যর্থ। এরমধ্যে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিও করে ফেলেন ক্রমেই পরিনত হয়ে উঠা এই পাক তরুণ।

পাকিস্তান দলের বড় ক্ষতি হয়েছে দুই ইনিংসেই মোহাম্মদ ইউসুফ আর হাছান রাজা ব্যর্থ হওয়ায়।

সালমানের ১২২ রানের ম্যারাথন ইনিংসটাকে শেষ পর্যন্ত থামিয়ে দেন হগার্ড। ২৫৬ বলের মোকাবেলায় ১২টি চারের সহায়তায় এই রান করেন সালমান। হগার্ডের বলে উইকেটের পেছনে তার ক্যাচটি লুফে নিতে ভুল করেননি জোন্স।

এরপর কামরান আকমলের ৩৩ এবং শোয়েব আখতারের ১১ রান দলের লিডকে বাড়াতে সহায়তা করলেও সেটা যে ইংলিশ শিবিরে ভীতির কারন হবেনা তা আগেই বলা হয়েছে।

ইংলিশ বোলারদের মধ্যে এবারও সফল ফ্লিনটফ। দুই ইনিংস মিলিয়ে তার শিকার সংখ্যা দাঁড়িয়েছে আট-এ। মজার ব্যাপার হলো ইংল্যান্ডের বোলিংয়ের চিত্র মোটামুটি প্রথম ইনিংসের মত। অর্থাৎ প্রথম ইনিংসের মত এই ইনিংসেও হগার্ড দুই ও হার্মিসন তিন উইকেট লাভ করেন।

ম্যাচের শেষ দিন (বুধবার) ইংল্যান্ড কতটা দ্রুত হোটেলে ফিরতে পারে সেটাই এখন দেখার বিষয়।