কঠিন লক্ষ্য নিয়ে চতুর্থ দিন মাঠে নামছে ইংল্যান্ড
ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্কাস ট্রেসকোথিক বলেছেন, মুলতান টেস্টের চতুর্থ দিনে তার দল ভাল খেলতে পারলে সফরকারী দল টেস্ট জয় করতে পারবে।
প্রথম ইনিংসে ভাল না করতে পারলেও পাকিস্তান তৃতীয় দিনের ম্যাচে প্রথম ইনিংসের ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছে। ইংল্যান্ডকে ৪১৮ রানে অলআউট করে দিয়ে তৃতীয় দিন শেষে স্বাগতিক দল দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে।
তবে ট্রেসকোথিক বলেন, আমরা এখনও ঠিক দিকে এগিয়ে চলেছি। এখনও ম্যাচের দু’দিন বাকি। মঙ্গলবার ভাল করতে পারলে আমরা ম্যাচে চালকের আসনে পৌঁছে যাব।
নিজের করা ১৯৩ রানের ইনিংস সম্পর্কে ট্রেসকোথিক বলেন, আমার খুব ভালো লাগছে এবং উৎফুল্ল রয়েছি।
ইংল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ভনের ইনজুরির কারণে মুলতান টেস্টে সহঅধিনায়ক ট্রেসকোথিক দলের নেতৃত্ব দিচ্ছেন। ট্রেসকোথিক বলেন, প্রায় আট ঘন্টার ইনিংসে মনসংযোগ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, আমি পুরোটা সময় ক্রিজে টিকে থাকতে চেয়েছি। আর যতটুকু সম্ভব মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করেছি।
তিনি বলেন, মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে আমরা তেমন রান পাইনি। তবে দ্বিতীয় ইনিংসে যদি আমাদের ব্যাটসম্যানরা ভাল খেলতে পারে এবং কোন একজন ব্যাটসম্যান সেঞ্চুরি হাকাতে পারে তাহলে এই ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে।
তৃতীয় দিন শেষে উইকেট নিতে ইংল্যান্ডের বোলারদের বেশ সংগ্রাম করতে হয়েছে। এ প্রসঙ্গে ট্রেসকোথিক বলেন, উইকেট আসলে মরে গেছে। বাউন্স-স্পিন কোনটাই ঠিকমতো করেনি।
পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রশংসা করে ট্রেসকোথিক বলেন, তারা খুব ভাল করেছে। তারা আমাদেরকে চাপের মধ্যে রেখেছে এবং আমাদের বোলারদের প্রাধান্য বিস্তার করতে দেয়নি।
