২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের দল বদলের প্রথম দিন ঘর গুছিয়ে নিয়েছে মোহামেডান ও সোনারগাঁও

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সামনে রেখে তিনদিন ব্যাপী ক্রিকেটারদের দল বদলের প্রথম দিন সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। প্রথম দিনেই এই দুই ক্লাব তাদের কাঙ্খিত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রথম দিনের দল বদলে অংশ নেয় নয়টি ক্লাব। প্রথমদিনেই পছন্দের দল খুঁজে নিয়েছেন ৯৫ জন ক্রিকেটার। ৯ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

প্রথম সুযোগেই সোনারগাঁও ক্রিকেটার্স জাতীয় দলের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিকসহ মোট ১৫ জনকে দলে টেনেছে। নবাগত এই দলের হয়ে সাইন করাদের মধ্যে রয়েছেন-আবাহনীর গতবারের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ওল্ড ডিওএইচএস’র আল শাহরিয়ার রোকন, ভিক্টোরিয়ার উইকেট রক্ষক মোহাম্মদ সেলিম, বিমানের স্পিনার ইলিয়াস সানী, ইন্দিরা রোডের উদীয়মান পেসার মাহবুবুল আলম রবিন এবং স্পিনার নাবিল।

দিনের শেষভাগে ক্রিকেটারদের দলে টানতে সচেষ্ট হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান পুলের আফতাব আহমেদ, খালেদ মাসুদ এবং হাবিবুল বাশারসহ মোট ১৩ ক্রিকেটারকে দলভুক্ত করে। প্রথমদিন ঐতিহ্যবাহী এই দলের হয়ে যারা সাইন করেন তারা হলেন-ভিক্টোরিয়ার খালেদ মাসুদ, তালহা জুবায়ের, সিটি ক্লাবের আলমগীর কবীর, মনিরুজ্জামান, ব্রাদার্সের আফতাব আহমেদ, ওল্ড ডিওএইচএস’র নাদিফ চৌধুরী, সাব্বির খান, কলাবাগানের মনিরুল ইসলাম মনি, উত্তরা ক্লাবের সাকিব রাজ্জাক, মাজহারউদ্দিন। এছাড়া সুমন, শামসুর রহমান ও ধীমান ঘোষ তাদের পুরনো ক্লাবেই রয়ে গেছেন।

দলবদলের প্রথম দিন ওল্ড ডিওএইচএস পুলভুক্ত খালেদ মাহমুদ সুজন এবং মাঞ্জারুল ইসলাম রানাকে নশ্চিত করেছে। এছাড়া আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, মোহাম্মদ শাহাজাদা, মাহমুদুল্লাহ রিয়াদ, সাফাক আল জাবের, গোলাম রহমান হিমেল এবং তারেক মাহমুদকে দলভুক্ত করেছে তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম দিন মোহামেডানের শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, রূপালী ব্যাংকের নাজমুস সাদাত, গাজী ট্যাংকের লিপন দে’কে দলভুক্ত করার পাশাপাশি মুশফিকুর রহমান বাবু, পেসার মোহাম্মদ শরীফ, পুলভুক্ত সৈয়দ রাসেল, হুমায়ুন কবীর নিয়াজ মোরশেদ নাহিদকে ধরে রাখতে সক্ষম হয়েছে।

ইন্দিরা রোড ১৫ ক্রিকেটারকে দলভুক্ত করে। এরা হলেন-সিটি ক্লাবের সাইফুল্লাহ জেম, জামালউদ্দিন বাবু, মোহামেডানের মোক্তার সিদ্দিক।

ওরিয়েন্ট ক্লাব ১১ এবং কলাবাগান কাব সিটি ক্লাবের মেহরাব হোসেন অপি এবং ব্রাদার্স ইউনিয়নের ফাহিম মুন্তাসিরসহ ১২ জনকে দলে অর্ন্তভুক্ত করেছে। গতবারের রানার্স আপ সিটি ক্লাব প্রথম দিন অলোক কাপালী, সজিব দত্ত এবং আনোয়ার হোসেনসহ সাতজনকে দলে টেনেছে।