২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ক্রিকেট লিগের দু’টি সেমিফাইনাল মঙ্গলবার

গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের দু’টি সেমিফাইনাল মঙ্গলবার রাজধানীর দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এ গ্রুপের চ্যাম্পিয়ন ইপিলিয়ন গ্রুপ লড়বে বি গ্রুপের রানার্স আপ অ্যাকমি ল্যাবরেটরিজের বিরুদ্ধে এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে বি গ্রুপের চ্যাম্পিয়ন বেক্সিমকো গ্রুপ খেলবে এ গ্রুপের রানার্স আপ গাজী ট্যাংক ক্রিকেটার্সের বিরুদ্ধে।

গ্রুপ পর্যায়ের খেলায় দলগুলো কোন বিদেশী খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ না পেলেও সেমিফাইনালের দলগুলো একজন করে বিদেশী খেলোয়াড় অর্ন্তভুক্ত করার সুযোগ পেয়েছে। সোমবারই তারা বিদেশী খেলোয়াড়ের কোটা পুরণ করে ফেলেছে।

জাতীয় দলের ক্রিকেটার তুষার ইমরানের নেতৃত্বাধীন ইপিলিয়ন গ্রুপ দলে টেনেছে

পাকস্তানের ইয়াসির আরাফাতকে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ হাবিবুল বাশারের অ্যাকমিতে খেলবেন আরেক পাকিস্তানি তারেক মাহমুদ।

কেনিয়ার সাবেক অধিনায়ক স্টিভ টিকোলো বেক্সিমকোতে এবং জহুর ইলাহী গাজী ট্যাংকে খেলবেন। এই দুই দলের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান এবং অল রাউন্ডার খালেদ মাহমুদ।

চার সেমিফাইনালিষ্টের মধ্যে ইপিলিয়ন, গাজী ট্যাংক এবং বেক্সিমকো গ্রুপ পর্যায়ের সবক’টি খেলাতেই জয় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু আরেক সেমিফাইনালিষ্ট অ্যাকমি ল্যাবরেটরিজ ডু অর ডাই ম্যাচে বিমানকে ৯১ রানে হারিয়ে সেমির টিকেট পায়।

ইপিলিয়ন গ্রুপ পাঁচ উইকেটে আরাফ অ্যাপারেলসকে, ১৬৬ রানে বাংলা ক্যাটকে, ৭০ রানে সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে, ৫২ রানে এমএম ইস্পাহানীকে পরাজিত করে এবং গাজী ট্যাংেকের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেট রান রেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসে।

রানার্স আপ গাজী ট্যাংক ক্রিকেটার্স ১২৫ রানে বাংলা ক্যাটকে, ১৮ রানে এমএম ইস্পাহানীকে, তিন উইকেটে আরাফ অ্যাপারেলসকে এবং চার রানে সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে পরাজিত করে।

বেক্সিমকো ৪২ রানে অ্যাকমিকে, ২২৯ রানে ওরিয়ন গ্রুপকে, ১০৭ রানে মেট্রো রিয়েল এস্টেটকে, ছয় উইকেটে যমুনা ব্যাংককে পরাজিত করে এবং বিমানের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সেমিফাইনাল নিশ্চিত করে।

অ্যাকমি ল্যাবরেটরিজ মেট্রো রিয়েল এস্টেটকে ৯৮ রানে, যমুনা ব্যাংককে ছয় উইকেটে, বিমানকে ৯১ রানে পরাজিত করে। কিন্তু তারা ওরিয়নের সাথে পয়েন্ট ভাগাভাগি করলেও বেক্সিমকোর বিরুদ্ধে ৪২ রানে হেরে যায়।