জমে উঠছে মুলতান টেস্ট
যেমন বুনো ওল, তেমনই বাঘা তেঁতুল। মুলতান টেস্টে এক ট্রেসকোথিক আর পুরো পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট যেন লড়াইয়ে নেমেছিল। লড়াইয়ে শেষ পর্যন্ত ট্রেসকোথিক হার মানলেও পাকিস্তানিদের যে ঘাম ঝরেছে বিস্তর, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
পাক অধিনায়কের কপালের ভাঁজই বলে দেয়, দুঃশ্চিন্তা কতটা বিস্তার লাভ করেছিল।
পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রানের জবাবে ইংল্যান্ড তিন উইকেট খুইয়ে ২৫৩ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। ট্রেসকোথিক ১৩৫ আর নাইট ওয়াচম্যান হগার্ড শুন্য রানে অপরাজিত ছিলেন।
হগার্ডকে সাথে নিয়েই তৃতীয় দিনের যাত্রা শুরু করেন ট্রেসকোথিক। কিন্তু ১৩ রান যোগ হতেই হগার্ডকে ফিরিয়ে দেন পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। এই জুটিতে হগার্ডের অবদান মাত্র এক রান। পাঁচ রান পর দানিশ কানেরিয়ার ঘূর্ণি বলে কেভিন পিটারসেন কুপোকাৎ হলে কিছুটা স্বস্তির বাতাস বয়ে যায় পাকিস্তান শিবিরে। ‘কিছুটা’ বলতে হয়। কারন তখনও বাকি ছিলেন আরেক ভয়ংকর অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
ইংলিশ দল যে ফ্লিনটফের ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে, তা ভালোভাবেই বুঝিয়ে দিলেন ফ্লিনটফ। ট্রেসকোথিকের সাথে গড়লেন ৯৩ রানের এক দুর্দান্ত পার্টনারশীপ। অন্যদিকে ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রেসকোথিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন তার ডাবল সেঞ্চুরির দিকে।
এই দু’জন দলকে ৩৬৪ রান পর্যন্ত নিয়ে যান। এখানে এসে আবারও ছন্দপতন। নিজেকে প্রমান করতে মরিয়া শোয়েব আখতারের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ফ্লিনটফ। তবে যাওয়ার আগে ৭৯ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন তিনি।
এরপরের ব্যাটসম্যানদের মধ্যে কেবল উইকেট রক্ষক গ্যারিয়েন্ট জোন্সই ২২ রান করে যা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু সাব্বির আহমেদের বলে তার উইকেট উপড়ে গেলে মাথা নীচু করে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ উইকেট রক্ষক। একে একে পরীক্ষিত সঙ্গীদের হারিয়ে ধৈর্যচ্যুতি ঘটে ট্রেসকোথিকেরও। ২৪ রান পর সাব্বির আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। সমাপ্তি ঘটে ১৯৩ রানের এক কাব্যিক ইনিংসের। শেষ পর্যন্ত ইংল্যান্ড সবক’টি উইকেট খুইয়ে প্রথম ইনিংসে ৪১৮ রান করতে সক্ষম হয়। পাকিস্তানের সামনে লিড দাঁড়ায় ১৪৪ রানের।
শোয়েব আখতার তিন উইকেট নিলেও কাজের কাজটা করেছেন সাব্বির আহমেদ। বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিন টানা হেঁচড়ার পর মাঠে ফিরে সাব্বির বিশ্ব ক্রিকেটের কর্তা ব্যক্তিদের ঝালটা ঝেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের উপর। ৫৪ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট।
জবাবে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা প্রথম ইনিংসের মতই হয়। দুই ওপেনার শোয়েব মালিক আর সালমান বাট আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিং শুরু করলেও ৩১ রানেই ফিরে যান মালিক। ব্যক্তিগত ১৮ রানে হার্মিসনের বলে ট্রেসকোথিকের হাতে ক্যাচ দেন মালিক।
সালমানের সাথে জুটি বাধেন ইউনিস খান। এই জুটিতে রান ওঠে ৯৩। ওপেনার সালমান বাট ৫৩ রানে অপরাজিত থাকলেও ইউনিস খান ৪৮ রান করে ফ্লিনটফের বলে সেই ট্রেসকোথিকের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দুই উইকেটে ১২৫ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগিতকরা। সালমানের সাথে শুন্য রানে অপরাজিত রয়েছেন নাইট ওয়াচম্যান মোহাম্মদ সামি। স্বাগতিকরা সফরকারীদের প্রথম ইনিংসের জবাবে এখনও ১৯ রানে পিছিয়ে রয়েছে।
ম্যাচের দু’দিন এখনও বাকি। সন্দেহ নেই জমে উঠবে মুলতান টেস্ট।
