ঢাকায় ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স স্কোয়াডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানে ডে এবং বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ও শ্রীলংকা অনুর্ধ্ব ১৯ দলের সাথে একটি তিনজাতি টুর্নামেন্টে অংশ নিতে ১৮ সদস্যের ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে।
দলে ১৪ জন খেলোয়াড় ও চারজন কর্মকর্তা রয়েছেন।
ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল মঙ্গলবার বগুড়া যাবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম ওয়ান ডে খেলবে তারা। পরদিন একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ান ডে খেলবে ইংলিশ দলটি।
২১ নভেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বিকেএসপি মাঠে। ২৪ ও ২৫ নভেম্বর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে।
রাজধানীর এক হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে ইংলিশ দলের ম্যানেজার জন আব্রাহাম বলেন, ২০০৪ সালে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ সফরে আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। তবে এবারের সফরটিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য পরবর্তী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছি।
সংবাদ সম্মেলনে দলের কোচ অ্যান্ডি পিক এবং অধিনায়ক বরুণ চোপড়া উপস্থিত ছিলেন।
ম্যানেজার আরও বলেন, ২০০৬ সালের পরবর্তী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের স্বাগতিক দেশ শ্রীলংকার সাথে এখানে তিনজাতি সিরিজে খেলাটা আমাদের জন্য রোমাঞ্চকর। টুর্নামেন্টের আগে দলের জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।
কোচ অ্যান্ডি পিক অবশ্য বাংলাদেশের আবাহাওয়ায় প্রথমে দলের একটু সমস্যা হতে পারে বলে জানিয়েছেন। তবে তার দল আবহাওয়ার সাথে দ্রুতই মানিয়ে নিতে পারবে বলে তিনি জানান।
তিনি বলেন, আমরা যখন ইংল্যান্ড ত্যাগ করি, তখন সেখানকার তাপমাত্রা ছিল ছয় ডিগ্রী সেলসিয়াস। এখানে নেমে দেখি তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। ফলে মানিয়ে নেয়াটা একটু কঠিন হবে। আর এজন্যই আমরা সফরের প্রথম ম্যাচ দু’টিতে মানিয়ে নেয়ার চেষ্টা করব।
অধিনায়ক বরুণ চোপড়া বলেন, উল্লেখযোগ্য ক্রিকেটার না থাকলেও দল যথেষ্ট ব্যালান্সড।
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর ২৯ নভেম্বর ঢাকায় পৌঁছবে শ্রীলংকা অনুর্ধ্ব ১৯ দল। এদিকে আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ টুর্নামেন্টে অংশগ্রহন শেষে ২৭ নভেম্বরের পর দেশে ফিরবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
৩০ নভেম্বর বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে তিন জাতি সিরিজ।
ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ স্কোয়াড: বরুণ চোপড়া (অধিনায়ক), মাইকেল ও’শিয়া (সহ অধিনায়ক), ক্রিস টমসন, বেন রাইট, মঈন আলী, নিকোলাস জেমস, গ্রেগ উড (উইকেট রক্ষক), জন সিম্পসন (উইকেট রক্ষক), রবার্ট উডম্যান, রিচার্ড জোন্স, অ্যান্ড্রু মিলার, অ্যারন সিঙ্গলার, কার্ল ব্রাউন, ররি হ্যামিলটন ব্রাউন।
কর্মকর্তা: অ্যান্ডি পিক (কোচ), রস শাটলওয়ার্থ (ফিজিওথেরাপিষ্ট), জন আব্রাহাম (ম্যানেজার), বেন হেইনিং (ফিজিওলজিষ্ট)।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড: অমিত মজুমদার, রাকিবুল হাসান, শামসুর রহমান, নাজিমউদ্দিন, ফরহাদ হোসেন, গোলাম রহমান, ফরহাদ রেজা, মাহমুদুল রিয়াদ, নাদিফ চৌধুরী, আশিকুল ইসলাম, ইশরাক সনেট, মোশারফ হোসেন, সিরাজুল্লাহ খাদেম, সাজিদুল ইসলাম।
স্ট্যান্ডবাই: শিরহান শরীফ, মাহমুদুল হাসান, রেজাউল ইসলাম।
কর্মকর্তা: শেখ সালাহউদ্দিন (কোচ), শন উইলিয়ামস (টিম অপারেশন্স ম্যানেজার), আজমল আহমাদ (ফিজিওথেরাপিষ্ট), থিউ পিকলস (ফিটনেস কোচ)।
