২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের দল বদলের পালা সোমবার শুরু

প্রিমিয়ার ডিভিশন এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগের তিনদিন ব্যাপী দল বদল শুরু হবে সোমবার । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলবে এই দল বদল কার্যক্রম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে খেলোয়াড়দের দল বদল। কোন খেলোয়াড় যদি স্টেডিয়ামে হাজির হয়ে দল বদলে অংশ নিতে আগ্রহী না হন, তাহলে তারা দুই হাজার টাকার বিনিময়ে টোকেন গ্রহন করতে পারবেন।

ডিসেম্বরের নয় তারিখ থেকে সারাদেশে একযোগে শুরু হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

তিনদিন ব্যাপী দল বদল কার্যক্রমে জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন। ফলে দর্শক ও ক্লাবগুলোতে এ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।

আন্তর্জাতিক শিডিউলে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা গত বার লিগে অংশ নিতে পারেন নি। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের (পুলভুক্ত ২০ ক্রিকেটার) তাদের ব্যাটিং ও বোলিং শক্তি বাড়ানোর জন্য সব রকমের ঘরোয়া আসরে খেলার ওপর গুরুত্ব দেয়ায় এবারের দল বদলের আকর্ষনও বেড়ে গেছে।

দল বদলকে ঘিরে সব উত্তেজনা ঘুরপাক খাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই। কারন তারা একেক সময় একেক দলকে কথা দিচ্ছেন। কে কোন দলে খেলবেন, এ ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

দলবদল যখন সবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তখন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ক্লাবগুলোর মধ্যে সৃষ্ট এই অনিশ্চয়তার সূচনা হাবিবুল বাশারকে নিয়ে। পুরনো দল মোহামেডান ছেড়ে বাশারের আবাহনীতে যোগ দেয়ার কথা বাতাসে ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত ঘরের ছেলে বাশার ঘরেই রয়ে যান।

এদিকে নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স বেশ মোটা অংকের বিনিময়ে বিমানের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিককে দলভুক্ত করার কথা বলায় বড় ক্লাবগুলোর কর্মকর্তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবাল রোববার পর্যন্ত ব্রাদার্সের কর্মকর্তাদের তার নিজের ব্যাপারে আশ্বস্ত করতে পারেন নি। কারন তিনি অন্য একটি ক্লাব থেকে ভালো অফার পেয়েছেন বলে ব্রাদার্স কর্মকর্তাদের জানিয়েছেন।

তবে সবকিছু ঠিকঠাক মত চললে পুলভুক্ত ২০ ক্রিকেটারের মধ্যে ১৮ জনই তাদের কাঙ্খিত দলেই যোগ দেবেন।

পুলভুক্ত মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিম এবারের লিগে অংশ নিতে পারছেন না। মাশরাফির কারনটা ইনজুরি হলেও শ্রীলংকা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেয়ার কারনে লিগ মিস করবেন মুশফিকুর রহিম।

আবির্ভাবেই শিরোপা ঘরে তোলা ওল্ড ডিওএইচএস এবারো শিরোপা ধরে রাখার জন্য দল গড়বে। এজন্য তারা দলভুক্ত করছে পুলের খালেদ মাহমুদ, মাঞ্জারুল ইসলাম রানা এবং শাহাদত হোসেন রাজীবকে। সাথে থাকবেন দলের অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

গতবারের রানার্স আপ সিটি ক্লাব থেকে হাবিবুল বাশার, খালেদ মাসুদ এবং আফতাব আহমেদ পুরনো দল মোহামেডানে ফিরে গেলেও পুলের তুষার ইমরান, শাহরিয়ার নাফিস এবং রাজিন সালেহ’র খেলাটা নিশ্চিত।

মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক এবং তাপস বৈশ্যের বিমান ছেড়ে সোনারগাঁও ক্রিকেটার্সে যোগ দেয়া এক প্রকার নিশ্চিত হলেও তারা পুলভুক্ত নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র এবং নাফিস ইকবালকে (আলোচনা সাপেক্ষ) দলে টানবে।

নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স জাতীয় দলের পেসার তাপস বৈশ্যকে দলভুক্ত করে একটু ঝুঁকিই নিয়ে ফেলেছে। কারন ইনজুরি আক্রান্ত তাপস চিকিৎসার জন্য শনিবারই ইংল্যান্ড উড়ে গেছেন।

ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড কেবল পুলভুক্ত পেসার মনির হোসেন মনিরকে দলভুক্ত করেছে। অন্যদিকে ওল্ড ডিওএইচএস গতবার শিরোপা জয় করার আগে দু’বারের লিগ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া ক্লাব পুলভুক্ত কোন ক্রিকেটারকে দলে টানতে পারেনি।

দল বদলে অংশগ্রহনকারীরা হচ্ছে-মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওল্ড ডিওএইচএস, সিটি ক্লাব, ভিক্টোরিয়া ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সোনারগাঁও ক্রিকেটার্স, ওরিয়েন্ট ক্লাব, অগ্রনী ব্যাংক, ইন্দিরা রোড ক্রীড়া চক্র এবং কলাবাগান ক্রীড়া চক্র।