ট্রেসকোথিকের সেঞ্চুরি, বেল’র হাফ সেঞ্চুরিতে নিরাপদে ইংল্যান্ড
মুলতান টেস্টের প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রন অনেকটা ইংল্যান্ডের দিকেই যে অল্প অল্প করে ঝুঁকে পড়ছিল, এটি বেশ পরিস্কার হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ছয় উইকেট ২৪৪ রান করে যখন পাকিস্তান দল প্যাভিলিয়নে ফেরে, তখন ইনজামাম ৪১ এবং পেসার মোহাম্মদ সামি এক রানে অপরাজিত ছিলেন।
এ অবস্থায় থেকেই দ্বিতীয় দিনের সূচনা করেন দুই ব্যাটসম্যান। কিন্তু ফ্লিনটফ, হগার্ড আর হার্মিসন ৩০ রানের মধ্যে বাকি চারটি উইকেট তুলে নিলে ২৭৪ রানেই শেষ হয়ে যায় স্বাগিতকদের প্রথম ইনিংস।
দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হানেন হগার্ড। আগের দিনের ২৪৪ রানেই পাকিস্তানের সপ্তম উইকেট হিসেবে আউট হন মোহাম্মদ সামি (১)। অনেকের মত সামিও অফ স্ট্যাম্পের বাইরের বলে দুর্বলতা দেখাতে গিয়ে উইকেট রক্ষক জোন্সের হাতে ক্যাচ তুলে দেন।
অন্যপ্রান্তে থাকা ইনজামামের সাথে জুটি বাধেন পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। মনে হচ্ছিল, এই দু’জন ইনিংসটাকে অনেকদুর এগিয়ে নিতে সক্ষম হবেন। কিন্তু জুটিতে ১৬ রান ওঠার পরই ফ্লিনটফের বলে অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে স্ট্রসের হাতে ধরা পড়ে বিদায় নেন অধিনায়ক ইনজি। তবে যাওয়ার আগে ৯৭ বলে চারটি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে ৫৩ রান করেন অধিনায়ক। বলাবাহুল্য এটিই
পাকস্তানের প্রথম ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। পরে পাকিস্তানের ব্যাটিংয়ের লেজ ছেঁটে ফেলার কাজ সারেন ফ্লিনটফ আর হার্মিসন।
২৩ ওভার বল করে ৬৮ রানে চার উইকেট নিয়ে ফ্লিনটফই ছিলেন সেরা। হার্মিসন তিন ও হগার্ড দুই উইকেট নেন।
জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করে তাদের নিজেদের মত করেই। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিরুদ্ধে হারলেও টেস্টে যে তারা মরণ কামড় দেবে, পাকিস্তানের সাবেক গ্রেট বোলার ওয়াসিম আকরামের মত অনেকেই এ আভাস দিয়েছিলেন। মুলত ম্যাচের ভাগ্য সেদিকেই যাচ্ছে।
দলীয় ১৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রসকে হারানো ছাড়া পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টকে সামলাতে ইংলিশদের কোন বেগই পেতে হয়নি। অনেকটা হেসে খেলেই রান তুলেছেন ওপেনার মার্কাস ট্রেসকোথিক ও ইয়ান বেল।
১৮০ রান যোগ করে বিচ্ছিন্ন হয় এই জুটি। দলীয় ১৯৮ রানে ১৬১ বলে ৭১ রান করা ইয়ান বেলকে ফিরিয়ে দেন শোয়েব মালিক। অবশ্য যে বলে বেল আউট হয়েছেন, তাতে তার কিছুই করার ছিল না। বল ব্যাটের ভিতরের দিকে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সালমান বাটের হাতে গিয়ে পড়ে।
ট্রেসকোথিকের সাথে জুটি বাধেন পল কলিংউড। শুরু হয় নতুন করে লড়াই। এবারও সফল ইংলিশরা। এই জুটিতে রান ওঠে ৫৩। এর অধিকাংশই এসেছে ট্রেসকোথিকের ব্যাট থেকে। আর দলের ২৫১ রানের মধ্যে ১০ রান করে সাব্বির আহমেদের গুডলেন্থ বলের শিকার হয়ে সাজঘরে ফেরেন কলিংউড। অফস্ট্যাম্পের বাইরের বলে রক্ষনাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কলিংউড।
অন্যপ্রান্তে সেঞ্চুরি করার পরও অপ্রতিরোধ্য গতিতে চলেছে ট্রেসকোথিকের রান সংগ্রহ। এই নিয়ে টেস্টে এই ইংলিশ ওপেনারের শতকের সংখ্যা দাঁড়ালো ১২। আর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়।
দিন শেষে তিন উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৩ রান। ২০৮ বলে ১৬টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সহায়তায় ট্রেসকোথিক ১৩৫ রানে অপরাজিত রয়েছেন। সাথে আছেন নাইট ওয়াচম্যান ম্যাথু হগার্ড।
