ওয়েনের জোড়া গোলে আর্জেন্টিনার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়
জেনেভায় শনিবার ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েনের চমৎকার দু’টি গোলের সুবাদে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয় পেয়েছে। ওয়েন ম্যাচের শেষ তিন মিনিটে দু’টি গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেন।
ইংলিশ ম্যানেজার সেভান গোরান এরিকসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। তবে লিডলি কিংসহ ডিফেন্ডারদের পারফরমেন্সে তিনি হতাশ।
কিং আর্জেন্টাইন প্লেমেকার জুয়ান রোমান রিকুয়েলমাকে আটকে রাখতে হিমসিম খেয়ে উঠেন।
ম্যাচের ৩৪ মিনিটের সময় আর্জেন্টিনা প্রথম গোল করে এগিয়ে যায়। ইংলিশ ফুটবলার স্টিভেন ক্যামবিয়াসো, স্টিভেন গ্যারেন্ড এবং ওয়েন রুনির ভুলে বল কার্লোস তেভেজের পায়ে চলে যায়। তেভেজ গোলের সুযোগ তৈরি করে দেন। প্রথম গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার হান্নান ক্রেসপো।
ইংলিশ গোলকিপার পল রবিনসন এরপর রিকুয়েলমা, তেভেজ এবং ক্রেসপোর বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
শেষ পর্যন্ত ৩৯ মিনিটের মাথায় ওয়েন রুনি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার নয় মিনিটের মাথায় আবার এগিয়ে যায় ম্যারাডোনার উওরসুরিরা।
ডি-বক্সের বাইরে ইংলিশ বদলি ফুটবলার কনচিসকি আর্জেন্টাইন ওয়ালটার স্যামুয়েলকে সামাল দিতে ব্যর্থ হন। রিকুয়েলমার ফ্রি-কিক থেকে বল পেয়েই তিনি গোলটি করেন।
গোল খেয়েই জ্বলে ওঠে ইংল্যান্ড। কিন্তু ইংলিশ দলপতি ডেভিড বেকহ্যামের ট্রেড মার্ক ফ্রি-কিক এবং ওয়েনের পাল্টা আক্রমণ সবই অসাধারণভাবে ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলকিপার। কিন্তু শেষ তিন মিনিট তিনি ওয়েনকে ঠেকাতে পারেননি।
আর তাই ইনজুরি টাইমে মাইকেল ওয়েনের গোলে অপ্রত্যাশিতভাবে জয় পায় ইংলিশরা।
