২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও ভারতের জয়

ম্যাচের আগেরদিন (শুক্রবার) সফরকারী শ্রীলংকা দল তথা অধিনায়কের ভাষ্য ছিল, অন্তত শেষ ম্যাচে জয়ের জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন। কিন্তু শ্রীলংকার সেই স্বপ্ন ভেঙ্গে দিয়ে স্বাগতিকরাই ম্যাচ জিতে ঘরে ফিরল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার বরোদায় অনুষ্ঠিত সাত ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিতে শ্রীলংকার নয় উইকেটে ২৪৪ রানের জবাবে ভারত পাঁচ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পাঁচ উইকেটের এই জয়ের ফলে শ্রীলংকাকে হারিয়ে ৬-১ এ ভারত সিরিজ জিতে নেয়।

দলের মূল দুই স্তম্ভ ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া এবং স্পিনার মুরলিধরনকে ছাড়া অনেকটা খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামেন অধিনায়ক মারভান আতাপাত্তু। টস ভাগ্যটাও ছিল তার সহায়। কিন্তু টসে জিতে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচগুলোর মতই দুঃস্বপ্ন নিয়ে শুরু করে। ভারতীয় বোলার আগারকার আর ইরফান পাঠানের সাঁড়াশি আক্রমনে ২০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে মুডির দল।

দলীয় ১১ রানে উপল থারাঙ্গা পাঠানের বলে হরভজনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। নয় রান যোগ হতেই আগারকার ফিরিয়ে দেন সামারাবীরাকে। উভয়ই ছয় রান করে সংগ্রহ করেন।

এরপর সাঙ্গাকারা ও জয়বর্ধনে দলের নড়বড়ে ইনিংসটিকে মেরামত করার কাজে মন দেন। ভারতীয় বোলারদের দেখেশুনেই খেলতে থাকেন দু’জন এবং দলের রানকে ৭৭ পর্যন্ত টেনে নিয়ে যান। আগের ম্যাচের সফল বোলার এবং ম্যান অব দ্য ম্যাচ রুদ্র প্রতাপ সিং আবারও রুদ্রমূর্তি ধারন করলে শ্রীলংকার পুরনো চেহারা ফুটে উঠে। সাঙ্গাকারা (৩২) ও জয়বর্ধনেকে (২০) অল্প সময়ের মধ্যে সাজ ঘরে ফেরত পাঠিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন রুদ্র।

কিন্তু সবাই ব্যর্থ হলে অধিনায়ককে তো ব্যর্থ হলে চলবে না। আতাপাত্তু খেললেনও অধিনায়কের মত। মাঝে অবশ্য দিলশান আসা-যাওয়ার ফাঁদে পড়েন। পরবর্তীতে আতাপাত্তুর সাথে যোগ দেন দীর্ঘদিনের পরীক্ষিত ব্যাটসম্যান রাসেল আরনল্ড।

ভারতীয় বোলারদের সব আক্রমনকে বড়ো আঙ্গুল দেখিয়ে মাটি কামড়ে লড়ে যান এই দুই ব্যাটসম্যান। ২৫ ওভারে পাঁচ উইকেটে ৮৫ রানে পরিনত হওয়া দলকে তারা ২১৮ পর্যন্ত নিয়ে যান। আতাপাত্তু ৬৮ বলে পাঁচটি চারের সহায়তায় ৫৯ এবং আরনল্ড ৬৯ বলে সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৮ রান করেন। তারা দু’জনই পাঠানের শিকারে পরিনত হন।

তিনটি করে উইকেট নেন ভারতের সফল বোলার পাঠান ও রুদ্র। এছাড়া আগারকার নেন দুই উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শেওয়াগ ও টেন্ডুলকার। উদ্বোধনী জুটিতেই রান ৫৩। এই পর্যায়ে শেওয়াগ যখন আউট হন, তখন তার ব্যক্তিগত ঝুলিতে জমা পড়েছে ৩৫ রান। ২৪ বলে ছয়টি চারের সহায়তায় এই রান করেন শেওয়াগ।

শেওয়াগের আউটের পর ব্যাটিং লাইন আপে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করে ভারত। অর্থাৎ নাইটওয়াচম্যান হিসেবে টেন্ডুলকারের সাথে জুটি বাধেন ইরফান পাঠান। এই জায়গাটাতে পাঠানের কার্যকারিতা প্রথম ম্যাচেই প্রমানিত হয়েছে। আর পাঠানও তার প্রতি দলের এই বদান্যতার দায় শোধ করেন ২৩ বলে চারটি চার ও দু’টি ছয়ের সাহায্যে ৩৫ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে। শেষ পর্যন্ত পাঠান ঝড় থামিয়ে দেন শ্রীলংকার দীর্ঘদেহী পেসার নুয়ান জয়সা।

কিছুক্ষণ পর দলীয় ১১৫ রানে টেন্ডুলকারকেও সাজঘরে ফেরত পাঠান জয়সা। তবে পুরো সিরিজ জুড়ে ভারতীয় দলের আশা ভরসার প্রতীকে পরিনত হওয়া উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনী আবার ঝলসে ওঠেন। উপল চন্দনার ঘূর্ণি বলের শিকার হওয়ার আগে ধোনী ৭৩ বলে নয়টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির মাধ্যমে ৮০ রানের এক সংগ্রামী ইনিংস উপহার দেন। দলের রান তখন পাঁচ উইকেটে ২৪০। বাকি পথটুকু নিরাপদে পার করে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং যুবরাজ সিং। দ্রাবিড় ৩১ রান করলেও যুবরাজের রানের খাতা খোলার কোন সুযোগ ছিল না।

সিরিজে দুর্দান্ত বোলিং এবং অসাধারণ ব্যাটিং প্রদর্শন করা ইরফান পাঠানের ঝুলিতে গেছে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার। ধারাবাহিকভাবে রানের মধ্যে থাকা মহেন্দ্র ধোনী হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ।