লংকান টেস্ট স্কোয়াডে থেকে বাদ পড়েছেন জয়সুরিয়া
শ্রীলংকার সাবেক অধিনায়ক বাহাতি অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া ভারত সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন। শুক্রবার তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা দল ঘোষণা করা হয়। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।
শ্রীলংকান ক্রিকেট বোর্ডের একজন মূখপাত্র দল ঘোষণার সময় বলেন, ১০০ টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জনকারী জয়সুরিয়া ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কাঁধে আঘাত পাওয়ার কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন না।
জয়সুরিয়া ওয়ান ডে ম্যাচে ৬,৫৮০ রান করেছেন। তবে ভারতের মাটিতে চলমান ওয়ান ডে সিরিজে জয়সুরিয়া রান করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি যে ফর্মে নেই চলমান সিরিজে দলের পারফরমেন্সেই তা পরিলক্ষিত হয়।
শনিবার শ্রীলংকা এবং ভারতের মধ্যে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভারত ৫-১ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে।
১৯৯৭ সালের পর এবারই প্রথম শ্রীলঙ্কা ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে।
চেন্নাইতে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ২ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট নয়া দিল্লিতে ১০ ডিসেম্বর এবং তৃতীয় টেস্ট হবে কানপুরে ১৮ ডিসেম্বর।
শ্রীলঙ্কা দল: অধিনায়ক মারভান আতাপাত্তু, সহ-অধিনায়ক চামিন্দা ভাস, মাহেলা জয়াবর্ধণে, উইকেটকিপার কুমারা সাঙ্গাকারা, তিলেকারত্নে দিলশান, উপল থারাঙ্গা, তালিঙ্গা সামারাভীরা, পারভেজ মাহরুফ, দিলহারা ফার্নান্দো, মুত্তিয়া মুরালিধরণ, বিশাখা গুনাবর্ধনে, লাসিথ মালিঙ্গা, মালিঙ্গা বান্দারা, সাজিবা উরাকুন এবং চামারা কাপুগিদারা।
