২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের দ্বিতীয় পর্যায়ের আবাসিক ক্যাম্প

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে শনিবার থেকে জাতীয় ফুটবল দলের দ্বিতীয় পর্যায়ের আবাসিক অনুশীলন শিবির শুরু হয়েছে। অনুশীলন চলবে ২১ দিনব্যাপী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নির্বাচিত ২৪ ফুটবলারের মধ্যে ১১ জন শুক্রবার ফুটবল ফেডারেশনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কাননের কাছে রিপোর্ট করেন। এরা হলেন-ফয়সাল, আরমান আজিজি, নজরুল, বিপ্লব, ওয়ালী ফয়সাল, আসাদ, ফরহাদ, টিপু, এমিলি এবং তারেক। বাকি ফুটবলাররা সার্ক সম্মেলন উপলক্ষ্যে যান চলাচলে কড়াকড়ি আরোপ করায় ঝামেলা এড়াতে সরাসরি বিকেএসপি চলে যান।

আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির তত্ত্বাবধানে জাতীয় দল সাফ চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের উদ্দেশ্যে ৫ ডিসেম্বর পাকিস্তান রওনা হওয়ার আগে তিনটি প্রাকটিস ম্যাচ খেলবে। করাচীতে ৭ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশীপ।

জাতীয় দল ১৭ নভেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে প্রথম প্রাকটিস ম্যাচ খেলবে। আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ২৪ নভেম্বর খেলবে দ্বিতীয় ম্যাচ। দু’টি খেলাই অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে।

এদিকে ২০ নভেম্বর থেকে বড় ক্লাবগুলো জাতীয় ফুটবল লিগে ব্যস্ত হয়ে পড়বে বিধায় তৃতীয় প্রাকটিস ম্যাচের জন্য প্রতিপক্ষ এখনও চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কানন।

প্রাকটিস ম্যাচ খেলার সময় প্রতি বহস্পতিবার ঢাকার ফিরে আসবে জাতীয় দল এবং পরদিন ছুটি ভোগ করবেন ফুটবলাররা।

সাবেক জাতীয় ফুটবলার কানন জানান, ২০ সদস্যের চুড়ান্ত জাতীয় দল ঘোষণা করা হবে ২ ডিসেম্বর।

ফুটবল ফেডারেশন ভবনে জাতীয় দলের কোচ ক্রুসিয়ানি সাংবাদিকদের জানান, মায়ানমারে গ্রান্ড রয়েল চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশগ্রহনের আগে যেভাবে জাতীয় দলের অনুশীলন চলেছে সেভাবেই চলবে দ্বিতীয় পর্যায়ের অনুশীলন।

এবারও কোচ ফুটবলারদের ফিটনেসের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। ফুটবলাদের ফিটনেস লেবেল ধরে রাখার জন্য কোচ ইতিমধ্যে তাদের খাবারের মেন্যুও বদলে ফেলেছেন।

কোচ আরও বলেন, প্রথম পর্যায়ের অনুশীলনে ফুটবলাররা পঞ্চাশ ভাগ ফিটনেস অর্জন করেছে এবং দ্বিতীয় পর্যায়ের অনুশীলনে একশত ভাগ ফিটনেস অর্জন করতে পারবে বলে তিনি আশা করছেন।