অ্যাকমির বিরুদ্ধে হেরে বিমানের সেমিতে খেলা অনিশ্চিত
অ্যাকমি ল্যাবরেটরিজ গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের সেমিফাইনালে উঠেছে। বিকেএসপিতে শুক্রবার বিমানকে ৯১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অ্যাকমি। অন্যদিকে হেরে গিয়ে নিজেদের সেমিফাইনালে খেলটা অনিশ্চিত করে তুলল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই জয়ের ফলে অ্যাকমি পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বিমানের সাথে যৌথভাবে গ্রুপের শীর্ষে উঠে আসলো। কিন্ত বিমানকে হারানোর ফলে অ্যাকমিই সেমিতে উঠে গেছে। বিমানকে সেমিফাইনালে খেলতে হলে শনিবার যমুনা ব্যাংক এবং বেক্সিমকোর মধ্যকার ম্যাচের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই দুই দলেরও সংগ্রহ সাত পয়েন্ট করে। যমুনা ব্যাংককে হারাতে পারলেই বেক্সিমকোর সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে এ গ্রুপের খেলায় ইপিলিয়ন গ্রুপ ৫২ রানে এমএ ইস্পাহানীকে হারিয়ে সেমিতে উঠছে। ইপিলিয়নের জয়ে অবশ্য গাজী ট্যাংকেরও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। গাজী ট্যাংক শনিবার নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেসের বিরুদ্ধে খেলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে দিনের অপর ম্যাচে আরিফ রেজার অল পারফরম্যান্সের সুবাদে মেট্রো রিয়েল এস্টেট তিন উইকেটে ওরিয়ন গ্রুপকে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে।
অ্যাকমি বনাম বিমান
প্রথমে ব্যাট করতে নেমে হাবিবুল বাশারের অ্যাকমি ৩৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদের মধ্যে পড়ে। তবে ওপেনার নাসিরউদ্দিন ফারুক ও চার নম্বর ব্যাটসম্যান জাভেদ ওমর তৃতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করে সে যাত্রায় ঝড় সামাল দেন।
আউট হওয়ার আগে জাভেদ ৬৮ বলে ৩৭ এবং ফারুক ৩৬ বলে ৩৬ রান করেন। পরে লোয়ার অর্ডারে এনামুল হক জুনিয়র ৩৫ বলে ২৫ রান করে দলের রানকে কিছুটা বাড়াতে সহায়তা করেন। অ্যাকমির দুই বোলার সাইফুল্লাহ খান জেম এবং মুশফিকুর রহমান দু’টি করে উইকেট লাভ করেন।
সহজ জয়ের টার্গেট হলেও ব্যাট করতে নেমে বিমান মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাতের ব্যাট থেকে।
অ্যাকমির মোহাম্মদ রফিক তিনটি, আলমগীর কবীর ও ডলার মাহমুদ দু’টি করে উইকেট নেন।
ইস্পাহানী বনাম ইপিলিয়ন
প্রথম ব্যাট করে ইপিলিয়ন গ্রুপ নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৬৪ রানের বড় স্কোর গড়ে। অধিনায়ক তুষার ইমরান লিগের সেঞ্চুরি করলে ইপিলিয়ন এই স্কোর গড়তে সক্ষম হয়।
তুষার ১০৫ বলে আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১০২ রান করেন। এছাড়া ওপেনিং ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ৭২ বলে করেন ডজনখানেক বাউন্ডারির সাহায্যে করেন ৭০ রান। ইস্পাহানীর ফাহিম মুন্তাসির ৩৩ রান খরচায় তিন উইকেট লাভ করেন।
জবাবে এমএম ইস্পাহানী মাত্র দুই দশমিক দুই ওভারে নয় রানের মধ্যে তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত ৫০ ওভারে আট উইকেটে ২১২ রান করতে সক্ষম হয়।
তামিম ইকবাল, মাহবুবুল করিম এবং ইমনকে শুন্য রানে ফিরিয়ে দেন বোলার শাহাদত হোসেন রাজীব।
অধিনায়ক নাফিস ইকবাল ৮৮ বলে সর্বোচ্চ ৬২ রান করেন। রেজাউল করিম ৮৪ বলে করেন ৬১ রান।
পেসার রাজীব এবং স্পিনার নাবিল সামাদ তিনটি করে উইকেট দখল করেন।
ওরিয়ন বনাম মেট্রো রিয়েল
শাকিল হায়দার ও তারেক আহমেদের দু’টি ঝলমলে অর্ধশতকের কল্যানে ওরিয়ন গ্রুপ সব কটি উইকেট হারিয়ে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়লেও জয় নিয়ে ফিরতে পারেনি।
শাকিল ৯৬ বলে ৬৯, তারেক ৫৭ বলে ৫৩ করেন। বোলার আরিফ রেজা ৫৯ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন।
জবাবে মেট্রো রিয়েল এস্টেট চার বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে ২৭০ রান করে ম্যাচ জিতে নেয়। বল হাতে সাফল্যের পাশাাশি আরিফ জেরা ব্যাট হাতেও ৮০ বলে চারটি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে ৯০ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন। এছাড়া মারুফ রেজা ৭০ বলে ৫৯ এবং নাদিম সামাদ ২৬ বলে ২৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
