২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ’র আবাসিক ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে শনিবার

আসন্ন কমনওয়েলথ গেমস ও সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য অংশগ্রহণকারী বিভিন্ন ইভেন্টের আবাসিক প্রশিক্ষণ শুরু হচ্ছে শনিবার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রশিক্ষণে অংশগ্রহনকারী ইভেন্টগুলো হচ্ছে-অ্যাথলেটিকস, সাঁতার, শ্যুটিং, ভারোত্তোলন, বক্সিং, কুস্তি, তায়কোয়ানডো, কারাতে, ভলিবল, কাবাডি, টেবিল টেনিস, জুডো এবং ফুটবল।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১২ থেকে ২৮ নভেম্বর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম গেমস-সাউথ এশিয়ান গেমস আগামী বছর ১৮ থেকে ২৮ এপ্রিল শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

এর আগে গেমস দু’টির অনাবাসিক ক্যাম্পের জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্ধারিত দশটি ইভেন্টের অনাবাসিক ক্যাম্প ১০ অক্টোবর শুরু হয় এবং তা সমাপ্ত হয় ৩০ অক্টোবর।

অর্থ সংকটের কারনে প্রথম পর্যায়ের অনাবাসিক ক্যাম্পের জন্য ফুটবল, জুডো এবং টেবিল টেনিস বিবেচনা করা না হলেও আবাসিক ক্যাম্পে এই তিনটি ইভেন্টকে অর্ন্তভুক্ত করা হয়েছে।

এসএ গেমসের আবাসিক ক্যাম্পের জন্য বিওএ ১৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেবে। যদিও এর আগে অনাবাসিক ক্যাম্পের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

কমিটি অ্যাথলেটদের দৈনিক ভাতা ২২৫ টাকায় উন্নীত করেছে। এর মধ্যে ২০০ টাকা খাবার এবং ২৫ টাকা হাত খরচ বাবদ দেয়া হবে।

প্রশিক্ষণের জন্য ২০ জন অ্যাথলেটের বিপরীতে চার জন কোচ নির্ধারন করে দেয়া হয়েছে। এছাড়া সাঁতারে ২০ জন সাঁতারুর জন্য দুই জন কোচ, ৩০ জন শ্যুটারের জন্য তিনজন কোচ নির্ধারন করা হয়েছে।

ভারোত্তোলন, বক্সিং, কুস্তি, তায়কোয়ানডো, জুডো এবং কারাতেতে আটজন খেলোয়াড়ের বিপরীতে দুই জন করে কোচ নির্ধারন করা হয়েছে। ভলিবল ও কাবাডির ১৬ খেলোয়াড়ের জন্য থাকবে দু’জন করে কোচ। টেবিল টেনিসে নয়জন খেলোয়াড় ক্যাম্পে অংশ নেবেন এবং তাদের সাথে কোচ হিসেবে থাকবেন দুই জন।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন জানান, ফুটবল ফেডারেশন তাদের সুবিধামত ফুটবল ক্যাম্প শুরু করবে।

জাতীয় ক্রীড়া পরিষদ কমনওয়েলথ গেমস ও এসএ গেমসের প্রশিক্ষণ বাবদ ৮৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ৬০ লাখ টাকা এসএ গেমসের জন্য এবং বাকি টাকা কমনওয়েলথ গেমসের জন্য ব্যয় হবে।