২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে জয় পেতে মরিয়া শ্রীলংকা

ভারতের বিরুদ্ধে সাত ম্যাচের ওয়ান ডে সিরিজে ইতিমধ্যে ৬-১ এ হেরে বসে আছে শ্রীলংকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

কিন্তু সিরিজ খোয়ালেও জয়ের আকাঙ্খা মন থেকে মুছে ফেলতে পারেনি লংকা বাহিনী। অন্তত শেষ ম্যাচটাতে জয়ের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তারা।

দু’দলের মধ্যকার শেষ ম্যাচটি গুজরাটের ভাদোদারার আইপিসিএল (ইন্ডিয়ান পেট্রোকেমিকেলস করপোরেশন লিমিটেড) স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম থেকেই ধারাবাহিকভাবে খারাপ খেললেও শ্রীলংকান অধিনায়ক মারভান আতাপাত্তু দলের দ্বিতীয় জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। কিন্তু রাজকোটে ষষ্ঠ ওয়ানডেতে একেবারে অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে ভারত যেভাবে সফরকারীদের ব্যাটিং গুড়িয়ে দিয়েছে, তাতে জয়টা যে সহজে ধরা দেবে না, সেটা দুর্মুখেরাও মানতে বাধ্য।

তাছাড়া আইপিসিএল হচ্ছে ‘টিম ইন্ডিয়া’র মূল স্ট্রাইক বোলার ইরফান পাঠানের নিজের মাঠ। রাজকোটে বোলার রুদ্র প্রতাপ সিংয়ের অভিষেকটা ছিল দুর্দান্ত। তাছাড়া তিন ম্যাচে দুই সেঞ্চুরি করা মাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও যে শ্রীলংকার মাথা ব্যথার অন্যতম কারন, সেটা সবারই জানা। আর আইপিসিএলের মাঠে রান যে আসে বানের পানির মত, তারও প্রমান রয়েছে। এই মাঠেই হল্যান্ডের বিরুদ্ধে ৩০৭ রান করেছিল নিউজল্যান্ড।

সবমিলিয়ে শ্রীলংকার হিসেবটা উল্টে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ভারত ও শ্রীলংকার সম্ভাব্য দল

ভারত-রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দর শেওয়াগ, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না, মহেন্দ্র ধোনী, হরভজন সিং, মুরালি কার্তিক, ইরফান পাঠান, অজিত আগারকার, এস শ্রীসান্থ, গৌতম গম্ভীর, আর পি সিং এবং ভি আর ভি সিং।

শ্রীলংকা-মারভান আতাপাত্তু (অধিনায়ক), মাহেলা জয়বর্ধনে, সনথ জয়সরিয়া, তিলকরত্নে দিলশান, রাসেল আরনল্ড, কুমার সাঙ্গাকারা, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরলিধরন, উপল চন্দনা, উপল থারাঙ্গা, দিলহারা ফার্নান্ডো, নয়ান জয়সা এবং ফারভেজ মাহরুফ।