অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা করে নিলেন ব্রাড হগ
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ম্যাচ খেললেও ব্রাড হগের টেস্ট দলে ঢোকাটা ছিল সময়ের ব্যাপার।
শুক্রবার ভিক্টোরিয়ার হয়ে সফররত ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে তিনদিনের ম্যাচের প্রথম দিন অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন হগ। ১২ জনের দলে সাইমন ক্যাটিচের পরিবর্তে খেলবেন হগ।
ম্যাচে স্থানীয় দলটি খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে চার উইকেটে ৪৪১ রান সংগ্রহ করে। হগ ১৭৮ বলে ২৩টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১৭৭ রান করে অফ স্পিনার মারলন স্যামুয়েলের বলে বদলী ফিল্ডার ড্যারেন পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
ভিক্টোরিয়ার লয়েড মাশ ৪৪ এবং নিক জুয়েল ৫৯ রান করে স্যামুয়েলের শিকারে পরিনত হন।
দিন শেষে অস্ট্রেলিয় টেস্ট দলের উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসির ছোট ভাই ডেভিড হাসি ৯২ বলে ৯১ রান করে অপরাজিত রয়েছেন। ২৯ রান করে আরেক অপরাজিত ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট।
হোবার্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট উইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর। তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে রয়েছে।
