কর্পোরেট লিগের সেমিফাইনালের পথে গাজী ট্যাংক, ইপিলিয়ন
গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগে বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংকস ক্রিকেটার্স তিন উইকেটে আরাফ অ্যাপারেলসকে হারিয়ে সেমিফাইনালের পথে অগ্রসর হয়েছে।
গাজী ট্যাংক তিন ম্যাচ জিতে এ গ্রুপে ইপিলিয়নের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। এদিন বিকেএসপিতে ইপিলিয়ন গ্রুপও ৭০ রানে হারিয়েছে সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে।
দুই দলই চার ম্যাচ শেষে সাত পয়েন্ট করে সংগ্রহ করে।
গাজী ট্যাংক শনিবার সিকিউরিটি এয়ার এক্সপ্রেসের এবং ইপিলিয়ন গ্রুপ এমএম ইস্পাহানীর বিরুদ্ধে খেলবে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর খেলায় বেক্সিমকো গ্রুপ ১০৭ রানের বিশাল ব্যবধানে মেট্রো রিয়েল এস্টেটকে হারিয়ে বি গ্রুপে বিমানের সাথে শীর্ষে উঠে এসেছে। চার ম্যাচে সাত পয়েন্ট করে সংগ্রহ করেছে উভয় দল।
গাজী ট্যাংক ক্রিকেটার্স বনাম আরাফ অ্যাপারেলস
টসে জিতে গাজী ট্যাংকের অধিনায়ক খালেদ মাহমুদ আরাফকে ব্যাটিংয়ে পাঠান। আরাফ অ্যাপারেলস ৪৬ দশমিক ৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২০২ রানের সম্মনজনক স্কোর গড়ে। তাদের সূচনাও ছিল ভালো। কিন্তু চার উইকেট খুইয়ে ১৪৪ রান করার পরও একমাত্র অধিনায়ক হাসানুজ্জামান ছাড়া অন্যরা ব্যর্থ হওয়ায় ২০২ রানেই থেমে যায় তাদের রানের চাকা।
হাসানুজ্জামান ৭২ বলে ৪৫ এবং ওপেনার এহসানুল হক ৫১ বলে ৩৪ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ২৯ বলে করেন ২৬ রান।
গাজী ট্যাংকের হয়ে খেলা জাতীয় দলের মঞ্জুরুল ইসলাম এবং আফতাব আহমেদ তিনটি করে উইকেট দখল করেন।
জবাবে গাজী ট্যাংক ১১ বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে ২০৮ রান করে জয় ছিনিয়ে নেয়। ব্যাটসম্যান আবুল বাশার ৪৭ এবং ওয়াসেল উদ্দিন ৪৫ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। বোলার শাফাক আল জাবির ৩৭ রান খরচায় চার উইকেট লাভ করেন।
ইপিলিয়ন গ্রুপ বনাম সিকিউরিটি এয়ার এক্সপ্রেস
প্রথমে ব্যাট করতে নেমে ইপিলিয়ন গ্রুপ মাত্র ৩৫ দশমিক ৫ ওভারে ১৫২ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন শামসুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মনিরুজ্জামানের ব্যাট থেকে।
সিকিউরিটি এয়ারের বোলার ইসাম ও দেবাশীষ কুমার তিনটি করে উইকেট তুলে নিয়ে ইপিলিয়নের ব্যাটিং ধসিয়ে দেন। আরেক বোলার নাঈম ইসলাম নেন দুই উইকেট।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিকিউরিটি এয়ার এক্সপ্রেস বাজে পারফরম্যান্সের চুড়ান্ত প্রদর্শনী করে ২৭ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার রহিম, এছাড়া বদলী হিসেবে খেলতে নামা পুষ্পেন করেন ১২ রান। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অংকের কোটা পেরোতে সক্ষম হননি।
নাবিল সামাদ ও শাহাদত হোসেন রাজীব দু’টি করে উইকেট নেন।
বেক্সিমকো বনাম মেট্রো রিয়েল এস্টেট
প্রথমে ব্যাট করে বেক্সিমকো মেহরাব হোসেন জুনিয়রের ৫০, শাহীনের ৪৫ এবং রাজিন সালেহ’র ৪০ রানের সুবাদে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অধিনায়ক আকরাম খানও করেন ২২ রান।
সাকলায়েন সজিব তিনটি এবং রিয়েল দু’টি উইকেট লাভ করেন।
জবাবে নবাগত মেট্রো রিয়েল এস্টেট জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাকের মারাত্মক বোলিংয়ের মুখে ৩৬ ওভারে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায়। রাজ্জাক তার নয় ওভারের স্পেলে ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ইমরুল কায়েস।
