২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টের আগে পাকিস্তান মানসিকভাবে এগিয়ে

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে সফরকারি ইংল্যান্ড দলের পরাজয় এবং ইংলিশ দলপতি মাইকেল ভনের ইনজুরির সুবাদে শনিবার থেকে মুলতানে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে থাকবে পাকিস্তান। কোচ বব উলমার ও অধিনায়ক ইনজামাম উল হক এ কথা বলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

উলমার বলেন, লাহোরে তিন দিনের ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে ইংল্যান্ডের পরাজয়ের কারণে তার ছেলেরা মানসিক দিক থেকে এগিয়ে থাকবে।

তিনি বলেন, “আমি নিশ্চিত, তরুনদের এই পারফরমেন্স দলের সিনিয়র খেলোয়াড়দের প্রভাবিত করবে। তরুনদের খেলার একটি ভাল দিক হচ্ছে তারা চাপের মধ্যেও নৈপুন্য প্রদর্শন করেছে।

তবে তিনি খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেন, আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। ইংল্যান্ড দলে মান সম্মত ক্রিকেটার রয়েছে এবং আসন্ন সিরিজ হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ইংলিশ দলপতি মাইকেল ভনের ইনজুরি প্রসঙ্গে উলমার বলেন, ইনজুরি খেলারই একটি অংশ এবং প্রতিটি দল এধরনের সমস্যায় মুখোমুখি হয়।

তিনি বলেন, “ইনজামাম যেমন পাকিস্তানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তেমনি ইংল্যান্ডের জন্য ভনও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে পাকিস্তানি অধিনায়ক বলেন, “ভনের অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি পাওয়া। কেননা ইংলিশদের সাম্প্রতিক সাফল্যে ভনের যথেষ্ট অবদান রয়েছে। তার জায়গায় খেলতে নামা ব্যাটসম্যান বেশ চাপে থাকবে।

উলমার আরও বলেন, ১৬ সদস্যের পাকিস্তান দলের বোলিং-এ যথেষ্ট বৈচিত্র থাকবে।

অভিজ্ঞ দুই লেগ স্পিনার মোশতাক আহমেদ ও দানেশ কানেরিয়ার পাশাপাশি শোয়েব আকতার, মোহাম্মদ সামি, সাব্বির আহমেদ ও রানা নাভেদের ওপর থাকবে পাকিস্তানের বোলিং আক্রমণের দায়িত্ব।