কর্পোরেট লিগের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বিমান, অ্যাকমি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রামীন ফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বুধবার বি গ্রুপের খেলায় বিমান ১৮৭ রানের বিশাল ব্যবধানে নবাগত ওরিয়ন গ্রুপকে হারিয়েছে।
ধানমিন্ড ক্রিকেট স্টেডিয়ামে একই গ্রুপের অপর খেলায় অ্যাকমি ল্যাবরেটরিজও ছয় উইকেটে যমুনা ব্যাংককে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। চার ম্যাচে বমানের সংগ্রহ সাত পয়েন্ট। পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকমি এবং বেক্সিমকো গ্রুপ।
বেক্সিমকো অবশ্য বিমান ও অ্যাকমি অপেক্ষা এক ম্যাচ কম খেলেছে। তবে বিমান এবং অ্যাকমির সেমিফাইনাল খেলা নিশ্চিত হওয়ার জন্য দু’দলের মধ্যকার শুক্রবারের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেক্সিমকো শেষ দু’টি ম্যাচ খেলবে মেট্রো রিয়েল এস্টেট এবং যমুনা ব্যাংকের বিরুদ্ধে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর খেলায় এ গ্রুপে এমএম ইস্পাহানী লিমিটেড ছয় উইকেটে নবাগত বাংলা ক্যাটকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ অগ্রসর হয়েছে।
ইস্পাহানী, গাজী ট্যাংক ক্রিকেটার্স এবং ইপিলিয়ন গ্রুপ সমান পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছে। গাজী ট্যাংক এবং ইপিলিয়ন গ্রুপ এক ম্যাচ কম খেলেছে।
বিমান বাংলাদেশ বনাম ওরিয়ন গ্রুপ
টসে জিতে বিমান প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২৪১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। সপ্তম উইকেট জুটিতে সাজ্জাদ কাদির এবং এমএইচ রুবেল ১০৩ রানের পার্টনারশীপ গড়ে দলের বড় স্কোর গড়ায় গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাজ্জাদ কাদির ৮৭ বলে চারটি বাউন্ডারি এবং দু’টি ছয়ের সাহায্যে ৭৯ রান এবং রুবেল মাত্র ৪২ বলে পাঁচটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৫২ রান করেন। এছাড়া জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটার হান্নান সরকার ৫৬ বলে ৩৯ রান করেন।
জবাবে ওরিয়ন গ্রুপ মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায়। বিমানের রুবেল, শরিফ এবং মুশফিকুর-প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়ে ওরিয়নের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন।
অ্যাকমি বনাম যমুনা ব্যাংক
প্রথমে ব্যাট করতে নেমে অ্যাকমির তিন বোলার ফরহাদ রেজা, আলমগীর কবীর এবং ডলার মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১১৯ রানেই শেষ হয়ে যায় যমুনা ব্যাংকের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার রাসেল। এছাড়া কৌশিক ১২ এবং জিয়াউর রহমান ১৮ রান করেন। বাকি ব্যাটসম্যানরা দুই অংকের কোটাই পেরোতে পারেননি।
অ্যাকমির ফরহাদ ও আলমগীর যথাক্রমে ২২ ও ২৩ রানের বিনিময়ে তিনটি করে উইকেট দখল করেন। ডলার নেন দুই উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে অ্যাকমিকে কোন ঝামেলাই পোহাতে হয়নি। বল হাতে সফলতার পর ব্যাট হাতেও সমানভাবে সফল ফরহাদ রেজা। ফরহাদ ৭৩ বলে নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৫ রান করে অপরাজিত থেকে যান। এছাড়া অধিনায়ক হাবিবুল বাশার করেন ২১ রান।
এমএম ইস্পাহানী বনাম বাংলা ক্যাট
টসে জিতে ইস্পাহানীর অধিনায়ক নাফিস ইকবাল বাংলা ক্যাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বাংলা ক্যাট ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে মাহবুব আলম সর্বোচ্চ ৪২ এবং রেজওয়ানুল ইসলাম ২৮ রান করেন।
ইস্পাহানীর বোলার দেবব্রত পাল এবং ইয়াসিন আরাফাত তিনটি করে উইকেট নেন।
জবাবে ইস্পাহানী চার উইকেট খুইয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। কামরুল ইসলাম ১০৮ বলে অপরাজিত ৭৭ রান করেন। এছাড়া মাজহারউদ্দিন ৪৪ এবং নাফিস ইকবাল ২৭ রান করেন।
