২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরিতে দ্রাবিড়, ভারতীয় দলের নেতৃত্বে শেওয়াগ

শ্রীলংকার বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেতে হারের পরও ভারত দল নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এরই অংশ হিসেবে সফরকারীদের বিরুদ্ধে বুধবার ষষ্ঠ ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক বীরেন্দ্র শেওয়াগ।

সাত ম্যাচ সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে।

কোচ গ্রেগ চ্যাপেলের ভাষায় দলে নতুনদের সুযোগ করে দেয়ার লক্ষ্যেই এই পরীক্ষা নিরীক্ষা।

আহমেদাবাদে পঞ্চম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করার পথে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন অধিনায়ক দ্রাবিড়। ইনজুরির কারণে পরে ফ্লিডিংও করতে পারেন নি তিনি। তবে কোচ চ্যাপেল দ্রাবিড়ের ইনজুরিকে ছোটখাট বলে জানিয়েছেন।

আহমেদাবাদের ম্যাচে শচীন টেন্ডুলকার, হরভজন সিং এবং ইরফান পাঠানকে ছাড়াই মাঠে নামে ভারত। তারপরও ওপেনার গৌতম গম্ভীরের প্রথম ওয়ানডে শতক এবং অধিনায়কের আরেকটি শতকে ভর করে আট উইকেটে ২৯৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। কিন্তু এই রান টপকে দিবারাত্রির ম্যাচটি জিতে নেয় শ্রীলংকা।

তবে বুধবারের ম্যাচে টেন্ডুলকার, পাঠান এবং হরভজনের খেলা নিশ্চিত। সাথে সুপার সাব হিসেবে থাকবেন সুরেশ রায়না।

সম্ভাব্য ভারতীয় দল: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ (অধিনায়ক), গৌতম গম্ভীর, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনী, ইরফান পাঠান, অজিত আগারকার, হরভজন সিং, মুরলি কার্তিক, রুদ্র প্রতাপ সিং, সুপার সাব: সুরেশ রায়না।