২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ছয় উইকেটে হেরেছে ইংল্যান্ড

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দল। পাকিস্তান এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ছয় উইকেটে হেরে গেছে মাইকেল ভনের দল। শনিবার থেকে মুলতানে শুরু হচ্ছে দু’দলের মধ্যেকার প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

হাঁটুর ইনজুরির কারণে ভনের প্রথম টেস্ট খেলা নিয়ে ইতিমধ্যে সংশয় দানা বেঁধে উঠেছে। জয়ের জন্য স্বাগতিকদের ২৪৫ রানের টার্গেট ছুঁড়ে দিলেও তাদের রানের লাগাম টেনে ধরতে পারেনি ইংলিশরা। পাকিস্তান এ দল ৫২ দশমিক ২ ওভারে চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

অধিনায়ক হাছান রাজা চতুর্থ উইকেট জুটিতে শহীদ ইউসুফকে সাথে নিয়ে ১২৯ রান করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। অধিনায়ক রাজা ৭১ এবং ইউসুফ ৫৭ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে একমাত্র অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ ৬৭ রানে তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের জয়ে কিছুটা বাধা হয়ে দাঁড়ান।

স্বাগতিকরা আগের দিনের এক উইকেটে ৩১ রান নিয়ে খেলতে নামে। নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা শহীদ নাজির ৩১ বলে ৪৩ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যান। তিনিও ফ্লিনটফের শিকারে পরিনত হন। ফ্লিনটফ তার সাত ওভারের দুর্দান্ত স্পেলে ফয়সাল আতাহারের উইকেটটিও তুলে নেন।

স্বাগতিকরা যখন জয় থেকে ১৩ রানের দুরত্বে দাঁড়িয়ে তখনই ফ্লিনটফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ইউসুফ। তবে জয়টা তখন ছিল সময়ের ব্যাপার।