২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার বিরুদ্ধে শেষ দু’টি ওয়ানডেতেও ডাক পেলেন না গাঙ্গুলি, দলে ফিরছেন কাইফ

শ্রীলংকার বিরুদ্ধে শেষ দু’টি ওয়ানডে’র জন্য সোমবার ঘোষিত হয়েছে ভারতীয় দল। কিন্তু আবারও দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন ভারতের সবচে’ সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অন্যদিকে নির্বাচকরা নতুন করে দলে ডেকেছেন মোহাম্মদ কাইফকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সরদার প্যাটেল স্টেডিয়ামে পঞ্চম ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচকরা শেষ দু’টি ওয়ানডে’র জন্য দল চুড়ান্ত করতে বসে যান। তাদের বিবেচনায় কাইফ ও বিক্রম রাজবীর সিংকে জায়গা করে দিতে দল থেকে সরে দাঁড়াতে হচ্ছে ভেনুগোপাল রাও এবং জয় প্রকাশ যাদবকে।

গাঙ্গুলির ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেল কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরন মোরে উত্তরটা দিয়েছেন ঝানু কুটনীতিকের মতই। তার মতে, এটা বলার সময় এখনও আসে নি।

এদিকে চ্যালেঞ্জার সিরিজে ফিল্ডিংয়ের সময় ইনজুরি আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর দলে ফিরছেন মিডল আর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ।

শ্রীলংকার বিরুদ্ধে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ইতোমধ্যে প্রথম চার ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে শ্রীলংকা পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ নিয়েছে।

দু’দলের মধ্যকার ষষ্ঠ ম্যাচ রাজকোটে (৯ নভেম্বর) এবং শেষ ম্যাচ বরোদায় (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

ভারতীয় দল: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বিরেন্দর শেওয়াগ (সহ অধিনায়ক), শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, সুরেশ রায়না, মোহাম্মদ কাইফ, মাহেন্দ্র সিং ধোনী, মুরলি কার্তিক, হরভজন সিং, অজিত আগারকার, ইরফান পাঠান, রুদ্র প্রতাপ সিং, বিক্রম রাজবীর সিং, গৌতম গম্ভীর এবং এস শ্রীসান্থ।