ভারত করাচিতে খেলবে বলে পাকিস্তানের আশা
আসন্ন পাকিস্তান সফরে ভারত করাচিতে একটি টেস্ট ম্যাচ খেলতে রাজি হবে বলে পাকিস্তান আশা করছে।
২০০৪ সালে নিরাপত্তার অভাব জনিত কারণে পাকিস্তান সফরে ভারত করাচিতে টেস্ট ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে তারা একটি ওয়ান ডে ম্যাচ খেলেছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কমর্কতা আব্বাস জাইদি বলেন, আমরা তাদের কাছে করাচিতে একটি টেস্ট এবং একটি ওয়ান ডে ম্যাচ খেলতে প্রস্তাব দিয়েছি। প্রথম থেকেই আমরা করাচিকে সিরিজের প্রথম টেস্ট ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনের বিষয়ে অগ্রাধিকার দিয়েছিলাম। কিন্তু পরে তা পরিবর্তন করে লাহোরে নিয়ে যাওয়া হয়।
২০০২ সালে করাচিতে বোমা বিষ্ফোরণের পর মাত্র দু’টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বর্তমানে পাকিস্তান সফররত ইংল্যান্ড করাচিতে একটি টেস্ট খেলতে রাজি হয়েছে। ১৫ ডিসেম্বর ইংল্যান্ড একটি ওয়ান ডে ম্যাচও খেলবে।
সফরে ভারত তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
