উইন্ডিজকে থামিয়ে দিলেন ওয়ার্ন
অসি স্পিনার শেন ওয়ার্ন শনিবার উইন্ডিজ টেল এন্ডারদের একে একে ফিরিয়ে দিয়ে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখলেন।
ওয়ার্নের স্পিন জাদুতে উইন্ডিজের শেষ চার ব্যাটসম্যান প্যাভেলিয়ানের পথ ধরেন। উইন্ডিজ দল আগের দিনের ১৮২/৬ নিয়ে খেলতে নেমে ২১০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৩৫ রান। উইন্ডিজ এখন স্বাগতিকদের চেয়ে ২২৫ রানে পিছিয়ে রয়েছে।
লাঞ্চের আগে অস্ট্রেলিয়া মাত্র এক ওভার ব্যাটিং করেছে। এই এক ওভারে তাদের সংগ্রহ আট রান। প্রত্যেকটি রানই এসেছে মাইক হাসির ব্যাট থেকে।
প্রথম ইনিংসে ওয়ার্ন ৪৮ রানে পাঁচ উইকেট লাভ করেছেন।
সকালের সেশনে তিনি ড্যারেন পাওয়েল, ফিদেল অ্যাডওয়ার্ডস, কোরি কলিমোর এবং জার্মেইন লসনকে ফিরিয়ে দেন।
এ সেশনে ওয়ার্ন আট ওভার হাত ঘুরিয়ে মাত্র পাঁচ রানের বিনিময়ে শেষ চার উইন্ডিজ ব্যাটসম্যানকে বধ করেন। টেস্ট ক্রিকেটে এ নিয়ে তিনি ৩৩ বার পাঁচ উইকেট লাভ করলেন।
