পাকিস্তান পৌঁছেছে ইংল্যান্ডের ‘বার্মি আর্মি’
নাম শুনে চোখ কপালে তোলার কোন কারন নেই। ইংলিশ আর্মি পাকিস্তান দখল করতে আসেনি। তবে ‘বার্মি আর্মি’ নামের ইংলিশ ক্রিকেট দলের সমর্থকদের এই দলটি ইংল্যান্ড দলের সাথে সারাবিশ্ব ঘুরে বেড়ায়। গোটা সেনাবাহিনীর মত না হলেও তাদের বহর বেশ বড়ই বলা যায়।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ইতমধ্যে পাকিস্তান এসে পৌঁছুতে শুরু করেছে ‘বার্মি আর্মি’র সদস্যরা।
‘আমরাই প্রথম ব্যাচ’ ট্যাক্সিতে ঠাসাঠাসি করে পিন্ডি স্টেডিয়ামে ইংল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্যাট্রনস একাদশের মধ্যেকার প্রস্তুতি ম্যাচ দেখতে যাওয়ার সময় দলের প্রবীন সদস্য ফিল লং বেশ গর্বভরেই বললেন কথাটা। তার মানে দাঁড়াচ্ছে এডভান্স পার্টি হিসেবে তারাই পাকিস্তান প্রথম এসেছেন। লটবহর আরও বাকি আছে।
লং ইংল্যান্ডের এই সফরটাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের মতই গুরুত্বপূর্ন মনে করছেন। তার মতে পাকিস্তান সফর অ্যাশেজের মত গুরুত্বপূর্ন হলেও নিজেদের মাটিতে পাকিস্তানকে হারানোটা আরও বেশি কঠিন হবে।
ইংলিশ ক্রিকেট দলের সমর্থনে স্টেডিয়ামে বসে গগনবিদারী আনন্দধ্বনি, মজার মজার গান আর ইংলিশ দলের সাথে পৃথিবীময় ঘুরে বেড়ানোর জন্য নিজেদের পরিচয়টা পাকাপোক্ত করে ফেলেছে ‘বার্মি আর্মি’। ১৮ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে পাকিস্তানে আসা বার্মিদের উচ্চনিনাদ পাক স্টেডিয়ামগুলোর গ্যালারী মাতিয়ে রাখবে বলাই যায়।
লংয়ের সাথে আরও তিনজন সঙ্গী রয়েছেন। এরা হলেন কিথ স্মিথ, জন ফ্রিম্যান এবং জনাথন ডেইসন। পুরো সিরিজে প্রতিদিন তাদের মাথাপিছু বাজেট হচ্ছে ৮৯ ডলার (৫০ পাউন্ড)।
স্মিথ জানান, তাদের পরবর্তী ব্যাচ ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ সামনে রেখে আগামী সপ্তাহে লাহোরে পৌঁছুবে। আর মুলতানে ১২ নভেম্বর প্রথম টেস্টের আগেই পুরো দল পাকিস্তান পৌঁছে যাবে। স্মিথ আরও জানান, রাওয়ালপিন্ডি আসার পথে তাদের কোন নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হয়নি।
এদিকে টেস্টের জন্য ফ্রি টিকিট পাচ্ছেন বার্মি আর্মি’র সদস্যরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা এরকমই। মানেটা দাঁড়াচ্ছে আনন্দটা জমবে ভালো।
পাকিস্তান ক্রিকেট কর্তাব্যক্তিরা মনে করছেন সিরিজ উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইংলিশ দর্শকের আগমন ঘটবে পাকিস্তানে। যা অ্যাশেজের উত্তেজনার চাইতে কম উত্তেজনা ছড়াবে না। বিশেষ করে তিনটি টেস্ট ভেন্যু-মুলতান, ফয়সালাবাদ ও লাহোরে গ্যালারীভর্তি দর্শক আশা করছেন আয়োজকরা।
