২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

মায়ানমারে অনুষ্ঠিত গ্র্যান্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাফুফে একাদশ ভারতের অনুর্ধ্ব-২০ দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ভারতকে হারালেও বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয় মায়ানমার এবং চীনের খেলাটি গোলশুন্য ড্র হওয়ায়। ৭ পয়েন্ট নিয়ে মায়ানমার অনুর্ধ্ব-২৩ দল চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রানার্স আপ হয়ে ফাইনালে খেলবে।

মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে গোল দুটি করে কাঞ্চন এবং ফরহাদ।

খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে বাংলাদেশ কাঞ্চনের গোলে এগিয়ে যায়। চীনের বিপক্ষে প্রথম ম্যাচেও কাঞ্চন একটি গোল করেছিলেন। এর পাঁচ মিনিট পর ভারত ট্রাইবেকারের একটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের আট মিনিটে ফরহাদ দ্বিতীয় গোলটি করেন।

তবে দুর্বল ভারতের বিপক্ষে বাংলাদেশের আরো ভালো করা উচিত ছিলো। মায়ানমার এ দলটিকে ১১-০ গোলে হারায়।