স্কোয়াড নিয়ে খুশি ইনজামাম
ইংল্যান্ডের সাথে আগামী দুই টেস্টের জন্য পাকিস্তানের যে স্কোয়াড নির্বাচন করা হয়েছে, সে স্কোয়াড সর্বশেষ অ্যাসেজ বিজয়ীদের হারাতে সক্ষম বলে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইনজামাম উল হক মন্তব্য করেছেন।
ইনজি বলেন, স্কোয়াডটিতে তিনজন স্পেশালিস্ট স্পিনার ও বেশ কয়েকজন ভাল ফাস্ট বোলার রয়েছে। আর এ কারণে সিরিজে বিভিন্ন টেস্টের জন্য প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের উইকেটের জন্য পাকিস্তান দল প্রস্তুত।
শোয়েব মালিক ও শাহিদ আফ্রিদী অলরাউন্ডার হওয়ায় তাদেরকে ইনজামাম স্পিনার হিসেবে বিবেচনা করতে চান না।
দলের তিন স্পেশালিস্ট হলেন মুশতাক আহমেদ, দানেশ কানেরিয়া ও আরশাদ খান।
ইনজামাম বলেন, স্পিন উপযোগী উইকেটের জন্য আমাদের ভাল স্পিনার রয়েছে। তেমনি ফাস্ট বোলারদের জন্য উপযোগী উইকেটের জন্যও আমাদের কিছু ভাল ফাস্ট বোলার রয়েছে। আর এ কারণেই পাকিস্তানের বোলিং বিভাগটি বেশ শক্তিশালী।
দলে দুই ওপেনিং ব্যাটসম্যানের বাজে ফর্মের বিষয়টি ইনজামাম অস্বীকার করেন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে শোয়েব মালিক ভাল খেলেছে।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১২ নভেম্বর মুলতানে শুরু হবে।
