২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস টেস্টের সময় বাড়লো ল্যাঙ্গারের

ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে আসন্ন প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার ইনজুরি আক্রান্ত তারকা ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গারকে ফিটনেস প্রমাণ করতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে একদিন বেশি সময় দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আর তাই সোমবারের পরিবর্তে এখন ল্যাঙ্গারকে মঙ্গলবার ফিটনেস টেস্টের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে ব্যাটিংয়ের সময় ল্যাঙ্গার (৩৩) পাঁজরে ব্যাথা পান। অস্ট্রেলিয়ার কোচ জন বুকানান প্রাথমিকভাবে বলেছিলেন, ল্যাঙ্গারকে অবশ্যই সোমবারের মধ্যে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পশ্চিম অস্ট্রেলিয়ার খেলোয়াড় ল্যাঙ্গার সোমবার দলের সাথে অনুশীলন করেননি। দলের মুখপাত্র জোনো রোস জানিয়েছেন, ল্যাঙ্গারের শারীরিক অবস্থার সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ল্যাঙ্গার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে পশ্চিম অস্ট্রেলিয়ার অপর খেলোয়াড় ও অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটে নিয়মিত সদস্য মাইক হাসি তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ব্রিসবেনের গাব্বা গ্রাউন্ডে সফরকারী ওয়েস্ট উইন্ডিজ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টটি শুরু হবে।