নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম তিন ম্যাচেই জয়ের মাধ্যমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ বাকি থাকতেই সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে নিয়েছে।
রোববারের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের ২৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভার দুই বল খরচ করে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এ জয়ের ফলে তারা সিরিজ নিশ্চিত করে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে হার্শেল গিবস ৯৪ বলে ৮১ রান করেন। অন্যান্যদের মধ্যে জাস্টিন কেম্প মাত্র ১৯ বলে ৩০ রান (অপরাজিত) করেন। শেন বন্ডকে ইনিংসের শেষ ওভারে একটি ছয় ও একটি চার হাকিয়ে কেম্প নিউজিল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে নেন।
এর আগে প্রেটিয়াস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে নিউজিল্যান্ড বড় রান সংগ্রহ করতে পারেনি। অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ৫৪ ও স্কট স্টাইরিস দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডকে যথাক্রমে দুই উইকেট ও ১৯ রানে হারায়।
সিরিজের চতুর্থ ম্যাচটি শুক্রবার ডারবানে অনুষ্ঠিত হবে।
