কমনওয়েলথ গেমসের জন্য তিনটি ইভেন্টের খেলোয়াড়, কর্মকর্তা নির্বাচন
আসন্ন কমনওয়েলথ গমসে অংশগ্রহনের জন্য একমাত্র শ্যূটিং ফেডারেশন ছাড়া অন্য তিনটি ফেডারেশন খেলোয়াড় নির্বাচন সম্পন্ন করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ণে ১৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। গেমসে বাংলাদেশ শ্যূটিং, সাঁতার, অ্যাথলেটিকস এবং ভারোত্তোলনে অংশগ্রহন করবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালক ও চীফ অপারেশন অফিসার কর্ণেল (অব:) ওয়ালিউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, শ্যূটিং ফেডারেশন যে নয় জনের তালিকা দিয়েছে, তার মধ্য থেকে তারা আটজনকে নির্বাচন করেছেন।
তিনি জানান, অনুশীলনে ১০ মিটার এয়ার রাইফেলে শ্যূটার এমএন তৌফিক শাহরিয়ার খান এবং অঞ্জন কুমার সিংহ দু’জনই ৫৮৬ পয়েন্ট করে অর্জন করেন এবং দু’জনের মধ্য থেকে যে কোন একজনকে চুড়ান্ত দলে অর্ন্তভুক্ত করা হবে।
শ্যূটিংয়ের অন্যান্য সদস্য হলেন-কমনওয়েলথ স্বর্ণপদক জয়ী আসিফ হোসেন, সাইফুল আলম রিংকি, মহেন্দ্র কুমার সিংহ, এম তৌফিকুর রহমান, সাবরিনা সুলতানা, সুরাইয়া আক্তার এবং শারমিন আক্তার। দলে কর্মকর্তা হিসেবে রয়েছেন ম্যানেজার আলাউদ্দিন চৌধুরী এবং আর্মার কায়সার ইসলাম।
অ্যাথলেটিকস দলের সদস্যরা হলেন-ইমরান ভূঁঞা (১০০ মিটার স্প্রিন্ট), তৌহিদুল ইসলাম (৪০০ মিটার স্প্রিন্ট), ফৌজিয়া হুদা জুঁই (লংজাম্প), মিলজার হোসেন (কোচ)।
সাঁতার দলের প্রতিযোগিরা হলেন-রুবেল রানা (ব্যাকস্ট্রোক), জুয়েল আহমেদ (বাটারফ্লাই), সবুরা খাতুন (ফ্রিস্টাইল), লাবনী আক্তার জুঁই (বাটারফ্লাই)। দলের সাথে ম্যানেজার কাম কোচ হিসেবে রয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ।
ভারোত্তোলন দলের সদস্য মাত্র দু’জন। এরা হলেন-হামিদুল ইসলাম (৬২ কেজি) এবং মোল্লা সাবিরা সুলতানা (৪৮ কেজি)। দলে কোচ হিসেবে রয়েছেন লে: কর্ণেল শহীদুল ইসলাম।
ওয়ালিউল্লাহ জানান, ভারোত্তোলন ফেডারেশন কাফ মাসলের ব্যাথার কারনে শেষ মুহূর্তে একরামুল হকের (৫৬ কেজি) নাম প্রত্যাহার করে নিয়েছে। একরাম বর্তমানে আইসিএমএইচ এবং বিকেএসপির ফিজিও’র তত্ত্বাবধানে রয়েছেন। দলের মহিলা সদস্য সাবিরা সুলতানা গত এশিয়ান ভারোত্তোলন প্রতিযোগিতায় ৪৮ কেজি ওজন শ্রেনীতে যুগ্মভাবে ব্রোঞ্জ পদক জয় করেন।
খেলোয়াড় এবং কোচ ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন, ট্রেনিং অ্যান্ড কোচিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান এবং ব্রিগেডিয়ার ড. নুরুজ্জামান যথাক্রমে শেফ দ্য মিশন, ম্যানেজার ও চিকিৎসক হিসেবে দলের সাথে মেলবোর্ন যাবেন।
অলিম্পিক অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার শ্যূটিং দলের আর্মারকে বাদ দিয়ে ২৪ জনের দল ঘোষণা করলেও অস্ট্রেলিয়া যাবে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল।
এদিকে কমনওয়েলথ গেমস এবং সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ১০ ইভেন্টের প্রাথমিক প্রশিক্ষণ ক্যাম্প রোববার সমাপ্ত হয়েছে। দ্বিতীয় র্পায়ের প্রশিক্ষণ শুরু হবে ১২ নভেম্বর।
প্রাথমিক প্রশিক্ষণে অংশগ্রহনকারী ইভেন্টগুলো হলো-অ্যাথলেটিকস, শ্যূটিং, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি, তায়কোয়ানডো, কারাতে, বক্সিং, ভলিবল এবং কাবাডি।
