আগামী বছর শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১৩০টি স্কুল নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে জাতীয় স্কুল অনুর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিীয়নশীপ আয়োজন করতে যাচ্ছে।
অ্যাক্টিভিশন ইন্টিগ্রেটেড মার্কেটিং গ্রুপ তিনবছরের জন্য এই টুর্নামেন্টের স্বত্ত্ব লাভ করেছে। সেই অনুযায়ী প্রথম বছর তারা দেবে ৩৫ লাখ টাকা। দ্বিতীয় বছর প্রথম বছরের ১৫ ভাগ এবং তৃতীয় বছর আরও ১৫ ভাগ অর্থ দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।
আরামবাগস্থ বাফুফে ভবনে শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান এমপি। ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, অ্যাক্টিভিশনের চীফ অপারেশন অফিসার শাকিব লোহানী এবং লেজার স্পোর্টস ম্যানেজমেন্টের প্রতিনিধি এসএ দাশ গুপ্ত এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি এসএ সুলতান বলেন, আমরা ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় রাজধানীতে স্কুল পর্যায়ে দু’টি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছি। এখন আমরা আমাদের প্রতিশ্রুতি মত আগামী বছর দেশব্যাপী জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।
শাকিব লোহানী বলেন, দেশে এই প্রথমবারের মত জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের আসর বসতে যাচ্ছে। আমরা ফুটবল ফেডারেশনের আগ্রহ মূল্যায়ন করেই তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের কাজে জড়িত হয়েছি। তিনি বলেন, আমরা বাংলাদেশের ফুটবলের বর্তমান অচলাবস্থা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
সংবাদ সম্মেলনে অ্যাক্টিভিশন এবারের ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রুবেল মৃধা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শহীদকে সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেয়।
শাকিব জানান, আসন্ন টুর্নামেন্ট থেকে যেসব প্রতিভাবান ফুটবলার বেরিয়ে আসবে তাদের খেলা চালিয়ে যাওয়া এবং উন্নত ভবিষ্যতের জন্য ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার ব্যাপারে চেষ্টা করবেন তিনি।
বাফুফে সাধারণ সম্পাদক বলেন, টুর্নামেন্টের প্রাথমিক পর্বে দেশের ১৬টি ভেন্যুতে ১৩০টি স্কুল খোলা হবে। পরবর্তীতে ১৬টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল খেলবে চুড়ান্ত পর্বে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্বে দেশের ৬৪টি জেলার আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল অংশগ্রহন করবে।
স্থানীয় শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থাগুলো স্কুল পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করবে।
সাধারণ সম্পাদক জানান, যদি কোন জেলা আন্তঃস্কুল টুর্নামেন্ট আয়োজন না করতে পারে, সেক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার, ক্রীড়া কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থা পূর্বেকার রেকর্ড বিবেচনা করে দল গঠন করবেন।
ভারতীয় মার্কেটিং কোম্পানী লেজার স্পোর্টস ম্যানেজমেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অ্যাক্টিভিশনকে জড়িত করেছে।
