ইংল্যান্ড ফেবারিট-ইনজামাম এবং শাহারিয়ার খানের এ মন্তব্যে চটেছেন ইমরান
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগেই ইংল্যান্ড দলকে ফেবারিট উল্লেখ করে অধিনায়ক ইনজি ও বোর্ড চেয়ারম্যানের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইমরান খান।
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি কিং খান বলেন, তাদের বক্তব্য নেতিবাচক মনোভাবেরই প্রকাশ।
ইমরান বলেন, ইংল্যান্ড ফেবারিট হিসেবে সফর শুরু করছে বলে ইনজি মন্তব্য করেছেন আর চেয়ারম্যান শাহারিয়ার খান তাদের ভয়ংকর দল হিসেবে সমীহ করেছেন। তারা এ ধরনের বক্তব্য দিয়ে পাকিস্তান দলের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছেন। সংবাদপত্র এবং টিভি ধারাভাষ্যকাররা ইংল্যান্ডকে কেন ফেবারিট বলছে তা আমি বুঝি। কিন্তু আমি বুঝতে পারছি না, পাকিস্তান অধিনায়ক এবং বোর্ড চেয়ারম্যান কেন এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমি যখন মাঠে ছিলাম তখন সব সময় দলকে বোঝাতাম, আমরা যে কাউকে পরাজিত করতে পারি। ম্যাচ শুরুর আগে আমি কখনই নিজেদের পরাজিত বলে ভাবতাম না।
স্টিভ হার্মিসন এবং ফ্লিনটফ সম্পর্কে বলেন, তারা বেশ লম্বা বলে বেশ বাউন্স দিতে পারে। বিভার্স সুইংটাও পারে।
স্পিনের সাহায্যে সফরকারি ইংল্যান্ডকে ঘায়েল করার ইনজির পরামর্শ সম্পর্কে ইমরান বলেন, ফ্লিনটফ এবং তার দলকে পরাজিত করার সবচেয়ে ভাল অস্ত্র ফাস্ট বোলার। সাব্বির, সামি, নাভেদ এবং ওমর গুল যদি নিজেদের মেলে ধরতে পারে তাহলে পাকিস্তানের সিরিজ জয়ের সুযোগ রয়েছে।
