সিএবি’র বিরুদ্ধে রাজশাহী অনুর্ধ্ব ১৭ দলের দ্বিতীয় পরাজয়
সফররত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের বিরুদ্ধে আবারও হেরেছে রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব ১৭ দল।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দু’দলের মধ্যকার তৃতীয় ম্যাচে রাজশাহী ছয় উইকেটে পরাজিত হয়।
টসে জিতে প্রথম ব্যাটিং করে রাজশাহী ৪৯ দশমিক ২ ওভারে ১৫৩ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক মায়শিকুর রহমান ও সোহান পারভেজ দু’জনই ২৭ রান করে সংগ্রহ করেন। সিএবি দলের চন্দন পল ৪১ রানে তিনটি ও অভিষেক নন্দ দু’টি উইকেট লাভ করেন।
জবাবে সিএবি দল ৪৬ দশমিক এক ওভারে চার উইকেট হারিয়ে ১৫৬ রান করে জয় তুলে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান মন্ডল ৮৪ বলে আটটি চারের সহায়তায় ৬৩ রান করে দলের জয় তরান্বিত করেন।
