শিশুদের পরিচর্যা কাজে লিনু, সুমন, আশরাফুল
দেশের স্বনামখ্যাত তিন খেলোয়াড় ইউনিসেফের সাথে শিশু স্বাস্থ্য, সচেতনতা ও শিক্ষা বিষয়ে একসাথে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল দেশের শিশুদের জন্য কাজ করার সুবর্ণ সুযোগ পেয়েছেন।
স্থানীয় হোটেলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুইস জর্জেস আর্সেনল্ট শুভেচ্ছা দূত হিসেবে তিন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন।
এর আগে বিডিনিউজ গত ২৪ অক্টোবর এই তিন খেলোয়াড়ের শুভেচ্ছা দূত হিসিবে নিয়োগ পাওয়ার সংবাদ পরিবেশন করে।
সংবাদ সম্মেলনে লুইস জর্জেস বলেন, শিশুদের দুর্ভোগ লাঘব এবং একইসাথে ইউনিসেফের কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় মুখপাত্রদের গুরুত্বপূর্ণ ভুমিকা সম্পর্কে ইউনিসেফ অবগত রয়েছে।
তিনি বলেন, এদেশে ফুটবলের জনপ্রিয়তাকে ছাপিয়ে ক্রিকেটই এখন জনপ্রিয় খেলা এবং ক্রিকেটাররা তরকায় পরিনত হয়েছেন, তাই ইউনিসেফ ক্রিকেটারদের জনপ্রিয়তাকে এদেশের শিশুদের সামাজিকভাবে উদ্বুদ্ধকরণের কাজে লাগাতে চাইছে।
আর্সেনল্ট বলেন, কিকেটারা কথা বললে দেশের মানুষ তা শোনে। জনগনকে উদ্বুদ্ধকরণে তারা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে এবং তারা এ ব্যাপারে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক।
ইউনিসেফের শভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পওয়ায় উচ্ছ্বসিত টেবিল টেনিসে ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু তার উচ্ছ্বাস ব্যক্ত করেন এভাবে-আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং দেশের জনগনের জন্য কাজের সুযোগ করে দেয়ায় ইউনিসেফকে জানাই ধন্যবাদ।
শিশুদের জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ন সময়। আর এই সময়ের শিশুদের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী লিনু। তিনি বলেন, শিশুদের মানসিক ও শারীরিকভাবে বেড়ে উঠার এটিই সময়।
দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান ও বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার তার বক্তব্যে ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ভাগ্যবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার মধ্য দিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরনের সুবর্ণ সুযোগ পাওয়া গেছে।
বাশার বলেন, আমি যখন পথে ঘাটে খাদ্য ও বস্ত্র ছাড়া শিশুদের দেখি, তখন একজন বাবা হিসেবে খুবই কষ্ট পাই। কিন্তু তাদের জন্য আমার একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে এ কাজ করার সুযোগ পেয়ে মনে হচ্ছে, আমি তাদের জন্য কিছু করতে পারব।
সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির মালিক মোহাম্মদ আশরাফুল বলেন, এত কম বয়সে নিজেকে একজন সমাজকর্মী হিসিবে দেখতে পেয়ে আমি খুশি এবং দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে চাই আমি।
বক্তব্যের এক পর্যায়ে নিজের শিক্ষা জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় দলে নিয়মিতভাবে খেলার কারণে ২০০১ সালের এসএসসি পরীক্ষার পর আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি নি। কিন্তু যে কোন কাজের পাশাপাশি যে কেউ ইচ্ছে করলে পড়ালেখা চালিয়ে যেতে পারে।
দেশসেরা এই ব্যাটসম্যান শিশুদের ছয়টি মারাত্মক রোগকে ক্রিকেটের ছয়টি বলের সাথে তুলনা করে বলেন, ক্রিকেটে ছয়টি বলের একেকটিতে কি ঘটতে পারে, সে সম্পর্কে কেউ জানে না। তেমনিভাবে ছয়টি রোগ সম্পর্কে অনেকেই অবগত নয়। সুতরাং, টিকাদান কর্মসূচির মাধ্যমে এই ছয়টি প্রাণঘাতি রোগ সম্পর্কে আরও সতর্ক হতে হবে।
ইউনিসেফের এক কর্মকর্তা জানান, খেলোয়াড়রা সামাজিক বিজ্ঞাপন এবং মাঠ পর্যায়ে উপস্থিত থেকে তাদের ইমেজকে কাজে লাগিয়ে সামাজিক উদ্বুদ্ধকরনের কাজ করবেন।
ইউনিসেফ এর আগে দেশের দুই ফুটবলার কায়সার হামিদ ও শেখ মোহাম্মদ আসলামকে স্যানিটেশন ও নলকূপের পানি পান করা সংক্রান্ত কাজে নিয়োগ করলেও তারা শুভেচ্ছা দূত ছিলেন না।
এদিক থেকে লিনু, সুমন ও আশরাফুল এই প্রথমবারের মত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসিবে দেশের শিশুদের জন্য কাজ করার সুযোগ পেলেন।
