বিসিবি যুগ্ম সম্পাদক রিয়াজ আল মামুনের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন বোর্ডের অন্যান্য কর্মকর্তার সাথে বনিবনা না হওয়ায় বুধবার পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মামুন ব্যক্তিগত কারণ দেখালেও মার্কেটিং এজেন্ট হিসেবে বোর্ড এবং অ্যাস্টন মুর স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের গোপন চুক্তিটিই পদত্যাগের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
গত জুলাইয়ে স্পন্সরশীপ, টিভি স্বত্ত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার জন্য বিসিবি সভাপতি বোর্ডের মার্কেটিং এজেন্ট হিসেবে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাস্টন মুরকে নিয়োগ করেন। কিন্তু এসবই হয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের অজ্ঞাতে।
বাংলাদেশ দলের ইংল্যান্ড সফরে অ্যাস্টন মুরকে নিয়োগ করা হয়। সে সময় তারা ‘সার্ভিস প্রোভাইডার’ কাজ করে এবং বিসিবিকে দশ হাজার পাউন্ড প্রদান করে। সফরে তারা মিডিয়া সম্পর্কিত কাজগুলোর সাথে জড়িত ছিল।
এ ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান মামুনের সাথে যোগাযোগ করা হলে মঙ্গলবার তিনি বিভিন্ন দৈনিককে জানান, তাকে চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি এবং এধরনের কিছু করা হলে তা ওপেন টেন্ডারের মাধ্যমেই হওয়ার কথা।
ক্রিকেট বোর্ড সভাপতি আলী আসগর লবী বুধবার সাংবাদিকদের জানান, বোর্ডের মার্কেটিং এজেন্ট হিসেবে আমি অ্যাস্টন মুরের সাথে কোন গোপন চুক্তি করিনি, আমি শুধু বিসিবিকে মুল্যায়ন করার জন্য তাদেরকে চিঠি দিয়েছি।
তিনি বলেন, আমি শুধু তাদের টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান বাজার মূল্য, দল এবং অন্যান্য বিষয়গুলো মুল্যায়ন করার জন্য বলেছি। কিন্তু অ্যাস্টন মুর নির্ধারিত সময়ের মধ্যে তাদের মুল্যায়ন পত্র জমা দিতে ব্যর্থ হয়।
মার্কেটিং এজেন্ট নিয়োগ করার ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বোর্ডের নির্বাহী কমিটির মাধ্যমে স্বচ্ছ এবং উন্মুক্ত দরপত্র আহ্বানের মধ্য দিয়েই মার্কেটিং এজেন্ট নিয়োগ করা হবে। বিষয়টি তিনি মামুনকে বোঝানোর চেষ্টা করেছেন এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান পদত্যাগ করবেন না বলে তিনি আশা করছেন।
ক্রিকেট বোর্ডের সাথে ইএসপিএন-স্টার স্পোটর্সের পাঁচ বছরের সম্প্রচার চুক্তির মেয়াদ আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের পরপরই সমাপ্ত হবে।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এজেন্ট নিয়োগ করার নিয়ম থাকলেও অ্যাস্টন মুরের সাথে চুক্তির বিষয়টি কাউকেই জানানো হয়নি এবং এক্ষেত্রে নিয়ম নীতিও মানা হয়নি।
