ক্রিকেট বোর্ডের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণ
আসন্ন ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের জন্য বিভাগীয় দল গঠন প্রক্রিয়ায় আরও বেশি সমন্বয়সাধন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার ছয়টি বিভাগের জন্য আলাদা আলাদা নির্বাচন বোর্ড গঠন করেছে।
নির্বাচক বোর্ডগুলোতে চার জন করে সদস্য রাখা হয়েছে। এরা হলেন একজন করে নির্বাচক, কোচ, খেলোয়াড় ও কর্মকর্তা।
দেশের একমাত্র প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ১৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে। লিগের খেলাগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, গত জাতীয় লিগের জটিলতার কথা মাথায় রেখেই এবার সব ধরনের জটিলতা এড়ানোর জন্য আমরা প্রতিটি চার সদস্য বিশিষ্ট ছয়টি বিভাগীয় নির্বাচন বোর্ড গঠন করেছি।
গত আসরে প্রতিদ্বন্দ্বিতা আনার লক্ষ্যে প্রধান নির্বাচক ফারুক আহমেদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি বিভাগীয় দল গঠন করেছিল। কিন্তু তখন সিলেট বিভাগ তাদের দলে কয়েকজন বহিরাগত খেলোয়াড় অর্ন্তভুক্ত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। সে সময় সিলেটের প্রতিবাদের মুুখে নির্বাচক কমিটি দলে অর্ন্তভুক্ত ঢাকার খেলোয়াড়দের বাদ দিয়ে সিলেটের ক্রিকেটারদের অর্ন্তভুক্ত করে।
এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, কোন প্রতিভাবান ক্রিকেটার যতি তার বিভাগীয় দলের খেলার সুযোগ না পায় তাহলে আমরা তাদের অন্য বিভাগীয় দলে অর্ন্তভুক্ত করব। তিনি আরও বলেন, নির্বাচক বোর্ডে জাতীয় দলের ক্রিকেটার অর্ন্তভুক্ত করার মানে এই না যে সে দলকে নেতৃত্ব দেবে, তবে দল গঠনে সে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারবে।
জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ চট্টগ্রাম ও খুলনা, আতাহার আরী খান ঢাকা ও বরিশাল এবং গোলাম নওশের প্রিন্স রাজশাহী ও সিলেট বিভাগের নির্বাচক বোর্ডের নেতৃত্ব দেবেন।
নির্বাচক বোর্ডগুলোর অন্য সদস্যরা হলেন-
ঢাকা-সারোয়ার ইমরান (কোচ), খালেদ মাহমুদ সুজন (খেলোয়াড়), আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান (কর্মকর্তা)।
চট্টগ্রাম-মিনহাজুল আবেদীন নান্নু (কোচ), আকরাম খান (খেলোয়াড়), সিরাজউদ্দিন এম আলমগীর (কর্মকর্তা)।
খুলনা-সালাউদ্দিন (কোচ), হাবিবুল বাশার (খেলোয়াড়), এম মারুফুল ইসলাম (কর্মকর্তা)।
রাজশাহী-ওয়াহিদুল গনি (কোচ), খালেদ মাসুদ (খেলোয়াড়), খন্দকার মইনুল ইসলাম (কর্মকর্তা)।
বরিশাল-নূরুল আবেদীন নোবেল (কোচ), শাহরিয়ার নাফিস (খেলোয়াড়), আসাদুজ্জামান খসরু (কর্মকর্তা)।
সিলেট-গোলাম ফারুক সুরু (কোচ), রাজিন সালেহ (খেলোয়াড়), আহমেদ আরিফ (কর্মকর্তা)।
