২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিনু, সুমন, আশরাফুল ইউনিসেফের শুভেচ্ছা দূত

দেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে এক বছরের জন্য ইউনিসেফের শুভেচ্ছা দূত নিয়োগ দেয়া হয়েছে।

আনিসুর রহমান আনিসুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) নারী ও শিশুদের সামাজিকভাবে উদ্বুদ্ধকরণে দেশের এই তিন প্রতিভাবান খেলোয়াড়ের জনপ্রিয়তাকে কাজে লাগাবে। ইউনিসেফ বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা, টিকাদান, এইচআইভি/এইডস, শিশু অধিকার, তাদের টিকে থাকা, উন্নয়ন, নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে।

একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার বিডিনিউজকে জানায়, শুভেচ্ছা দূত হিসেবে তিন খেলোয়াড়ের নিয়োগের ব্যাপারে ২৭ অক্টোবর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

খুলনার মেয়ে জোবেরা রহমান লিনু (৪০) ১৬ বার জাতীয় টেবিল টেনিসের শিরোপা জয় করে গিনেস বুকে নাম লেখান।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসাবে নিয়োগ পাওয়ায় উচ্ছ্বসিত লিনু বলেন, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। তিনি বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার একটি সুযোগ পেয়েছি। ইউনিসেফের কার্যক্রম সফল করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।

লিনু তার উত্তরার বাসভবনে বিডিনিউজকে জানান, যে কোন সংস্থা থেকে সামাজিক কাজ করার আমন্ত্রন পেলে তিনি তা সাদরে গ্রহন করবেন।

লিনু বলেন, দেশ আমাকে অনেক দিয়েছে। এখন সময় এসেছে দেশের জন্য কিছু করার আমি আমার চেষ্টা করে যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জগন্নাথ কলেজ থেকে স্নাতোকত্তর ডিগ্রিধারী এই জাতীয় খেলোয়াড় ১৯৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। এছাড়া ১৯৯১ সালে বিএসজেএ পুরস্কার, ১৯৮০ ও ১৯৯১ সালে বিএসডব্লিউএ পুরস্কার, ১৯৯১ সালে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, ২০০৫ সালে শাইনিং পার্সোনালিটি পুরস্কার এবং অনন্যা শীর্ষ দশ পুরস্কার লাভ করেন লিনু। খেলোয়াড় জীবনে লিনু যুক্তরাজ্য, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।

দারুন সফল এই টেবিল টেনিস খেলোয়াড় এখন নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সামাজিক উদ্বুদ্ধকরনের কাজে ভূমিকা পালন করবেন। এছাড়া এইচআইভি/এইডস বিষয়ে নারী ও শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কাজে মুখ্য ভূমিকা পালন করবেন লিনু।

২০০৪ সালে তৎকালীন অধিনায়ক খালেদ মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়ার পর এ বছরই টেস্ট ক্রিকেটের শিশু বাংলাদেশ হাবিবুল বাশারের অধিনায়কত্বে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। বাশারের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ায়।

এ ব্যাপারে বাশার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে-সমাজের একটি নির্দিষ্ট অংশের কল্যাণের জন্য কাজ করার এটিা এক সুবর্ণ সুযোগ। আমি একইসাথে রোমাঞ্চিত এবং গৌরবান্বিত।

কুষ্টিয়ার মৃদুভাষী এই ক্রিকেটার ৩৮ টেস্টে তনটি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরিসহ ২৫১৪ রান করেছেন। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ১১৩ রান। বাংলাদেশ ১২৫ ওয়ানডেতে যে দশটি ম্যাচে জয় পেয়েছে, তার মধ্যে পাঁচটিই এসেছে ৩৩ বছর বয়স্ক এই অধিনায়কের হাত ধরে। তাছাড়া ৭২ টি ওয়ানডেতে তার নিজের সংগ্রহ ১৩৭৯ রান।

জাতীয় ক্রিকেট দলের আরেক প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের টেস্ট অভিষেক ঘটে সেঞ্চুরির মাধ্যমে। ২০০১ সালের ৮ সেপ্টেম্বর নিজের ১৭তম জন্মদিনের আগের দিন শ্রীলংকার বিরুদ্ধে আশরাফুল তার অভিষেক টেস্ট সেঞ্চুরি হাঁকান।

সেই সাথে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গৌরবও এককভাবে এই লিটল মাষ্টারের দখলে চলে যায়।

আশরাফুল (২১) ২০০৪ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ১৫৮ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন। ২৯ টেস্টে দুই সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিসহ তিনি সংগ্রহ করেন ১২৬৯ রান।

ক্ষুদে এই ব্যাটিং জিনিয়াসের সেঞ্চুরিতে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ৫৯ ওয়ানডে খেলে আশরাফুল একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরির সহায়তায় করেছেন ১০৫৯ রান।