বেকহ্যামের লাল কার্ড, রিয়াল মাদ্রিদের পরাজয়
রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেনসিয়ার মধ্যে রোববার ম্যাচ চলাকালে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে রেফারি দু’বার হলুদ কার্ড দেখানোর ফলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পরাজিত হয়।
বেকহ্যাম এ মাসে এনিয়ে দু’বার এবং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে তিনবার মাঠ ছাড়তে বাধ্য হলেন।
৩০ বছর বয়েসী বেকহ্যাম প্রথম হলুদ কার্ড পান রেফারির মতামতের বিরোধিতা করার জন্যে এবং তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় রেফারিকে বিদ্রƒপ করার কারণে।
এভারটন ক্লাবের সাবেক মিড-ফিল্ডার থমাস গ্রেভিসিনকেও লাল কার্ড দেখানো হয়েছে। এর ফলে লা লিগা টুর্নামেন্টে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ দু’জন মূল্যবান খেলোয়াড় হারালো। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বেকহ্যামের লাল কার্ড পাওয়া দেখে সবার মনে পড়ে যায়, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ভিলার রিয়ালের মধ্যেকার ম্যাচে ওয়েন রুনির লাল কার্ড পাওয়ার ঘটনা।
সেই ম্যাচে রুনিও একই কারণে লাল কার্ড পেয়েছিলেন। তখন বেকহ্যাম সবার সামনে রুনিকে ম্যাচে উত্তেজিত হওয়ার কারণে তীব্র তিরস্কার করেছিলেন।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বেকহ্যাম প্রথম লাল কার্ড পান ২০০৪ সালের জানুয়ারি মাসে ভ্যালেনসিয়ার সঙ্গে খেলার সময়। একই বছরের মে মাসে দ্বিতীয় লাল কার্ড পান রিয়াল মারসিয়ার বিরুদ্ধে।
প্রথমবার তিনি দু’টি হলুদ কার্ড পান রেফারির মতের বিরোধিতা করার জন্যে এবং দ্বিতীয়বার ফাউল করার জন্যে। দ্বিতীয়বার তিনি সরাসরি লাল কার্ড পান।
এ বছরের প্রথম দিকে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে দু’বার হলুদ কার্ড পান তিনি। তাছাড়া ম্যাচেস্টার ইউনাইটেড ক্লাবে থাকা কালে তিনি একবার লাল কার্ড পান।
সবমিলিয়ে বেকহ্যাম ক্যারিয়ারে ছয়বার মাঠ ছাড়তে বাধ্য হলেন।
