২০০৯ সাফ গেমস আয়োজনের ব্যাপারে ভারতের ঝাড়খন্ড আগ্রহী
ভারতের ঝাড়খন্ড রাজ্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ২০০৯ সাফ গেমস আয়োজনের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ঝাড়খন্ড অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে। প্রসঙ্গত, ভারত ২০০৯ সাফ গেমস আয়োজন করবে।
রাজ্য ক্রিড়ামন্ত্রী সুদেশ মাহাতো জানান, তিনি ঝাড়খন্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম হাশমির কাছ থেকে অনুরোধ পাওয়ার পর এ ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
রোববার মাহাতো বলেন, আমি ঝাড়খন্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুরোধ পত্র অনুমোদন দিয়েছি। আমরা সাফ গেমস আয়োজনের জন্য প্রস্তুত। সাথে সাথে ২০০৭ জাতীয় গেমস আয়োজনের অবকাঠামো তৈরির কাজও জোরেসোরে চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ঝাড়খন্ড রাজ্যের দাবি আরও জোরালো করার প্রচেষ্টায় স্টেডিয়াম, সুইমিং পুলসহ অন্যান্য অবকাঠামো তৈরি করা হয়েছে এবং হচ্ছে।
সাফ গেমসে আটটি দেশের ২৫০০ জনের বেশি ক্রিড়াবিদ নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য অংশ গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
